সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চারাগাছের সংগ্রহশালায় ‘রহস্যজনক’ আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিরল প্রজাতির গাছের সংগ্রহশালায় (অ্যাগ্রোফরেস্ট জার্মাপ্লাজম সেন্টার) গতকাল শনিবার অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সংগ্রহশালার প্রায় ৮০ শতাংশ চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে সংগ্রহশালার ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রফিকুল ইসলাম, কৃষি অনুষদের ডিন মো. নজরুল ইসলাম, সংগ্রহশালার পরিচালক সামিউল আহসান তালুকদারসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যান।রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ঘটনাস্থলে গিয়ে কিছু কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। তাত্ক্ষণিকভাবে বিষয়টি পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তিনি ঘটনাটি ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেন।গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, অর্জুন, বহেরা, হরীতকী, নিম, নিশিন্দা, কাবাবচিনি, দারুচিনি, তেজপাতা, ঘোড়া নিম, বাসক, আগর, কাজুবাদাম, জাফরান, কতবেল, বাতাবী লেবু, চালতা, ডেউয়া, করমচা, অরবরই, আমলকী, গোলাপজাম, খুদিজাম, সাতকরা, জগডুমুর, তৈকর, আঁশফল, পানিফল, বকফুল, বকুল, জয়না, পাহাড়ি বেত, জালি বেত, খয়ের, বাবলা, শিমুল, পলাশ, আকন্দ, বাঁদরলাঠি, অশোক, মে ফ্লাওয়ার, চাপালিশ, গামার, জারুল, স্বর্ণচাপা, গর্জন, তেলসুর, বয়লাম, লোহাকাঠ, সিভিটসহ প্রভৃতি চারাগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক চারাগাছ একেবারেই পুড়ে গেছে।কৃষি অনুষদ সূত্র জানায়, টিলা শ্রেণীর দুই একর জমিতে বনজ, ফলদ, ঔষধিগাছের এ সংগ্রহশালা গত ৭ জুলাই উদ্বোধন করা হয়। কৃষি বনায়ন বিভাগ এ সংগ্রহশালার তত্ত্বাবধান করছিল। বিপন্ন, বিলুপ্ত, প্রচলিত ও স্বল্প পরিচিত উদ্ভিদসহ প্রায় ৬০ প্রজাতির ৬০০ গাছের চারা এ সংগ্রহশালায় রোপণ করা হয়। সংগ্রহশালার পরিচালক সামিউল আহসান জানান, সংগ্রহশালার ৬০০ চারার মধ্যে ৮০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্যাম্পাসের নিরাপত্তায় দায়িত্বরত সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, পুলিশ শুধু প্রধান ফটকের সামনে রয়েছে। পুরো ক্যাম্পাস নজরদারির মধ্যে রাখা সম্ভব নয়। তিনি ঘটনাস্থল পরিদর্শনের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে উল্লেখ করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয়, এটা নাশকতা। শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’