সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস বর্জন কর্মকর্তাদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক নিয়োগ নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টরের মধ্যে গত মঙ্গলবার রাতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষকেরা গতকাল বুধবার সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করেন। অন্যদিকে কর্মকর্তা-কর্মচারীরা প্রক্টরের অপসারণ চেয়ে কর্মবিরতি পালন করেন।
শিক্ষক ও কর্মকর্তাদের এই কর্মসূচিতে গতকাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করে। দুই পক্ষই জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক ও কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বোর্ডের সভা বসে। সেখানে শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা চলাকালে রাত নয়টার দিকে রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব ও প্রক্টর মো. আবদুল বাসেতের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে সভা শেষে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনেই দুজনের মধ্যে প্রকাশ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
রেজিস্ট্রার ও প্রক্টরের এই হাতাহাতির ঘটনায় গতকাল সকাল থেকে রেজিস্ট্রারের পক্ষে কর্মকর্তা-কর্মচারীরা এবং প্রক্টরের পক্ষে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনের পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে সভা করে প্রক্টরের অপসারণ চান। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
আর শিক্ষকেরা সব ধরনের ক্লাস ও পরীক্ষা থেকে বিরত থেকে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জরুরি সভায় বসেন। সেখানে রেজিস্ট্রারের পদত্যাগ চাওয়া হয়। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অন্তত ৬০ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ৮০টি প্রশাসনিক পদ থেকে অব্যাহতি চেয়ে উপাচার্য বরাবর আবেদন করেন।
এসব বিষয়ে কথা বলতে রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েবের মুঠোফোনে কল করলে তাঁর ব্যক্তিগত সহকারী পিংকু ধর ফোন ধরেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রক্টর অন্যায়ভাবে রেজিস্ট্রারকে লাঞ্ছিত করায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে। প্রক্টরের অপসারণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
অন্যদিকে প্রক্টর মো. আবদুল বাসেতকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুণ্ডু বলেন, শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
যোগাযোগ করলে উপাচার্য গোলাম শাহি আলম বলেন, উভয় পক্ষ পক্ষে-বিপক্ষে কর্মসূচি দিয়েছে। ঘটনা অনুসন্ধানে শিগগিরই তদন্ত কমিটি করা হবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিক্ষক নিয়োগ বোর্ডের সভায় রেজিস্ট্রার ও প্রক্টরের মধ্যে বাগ্বিতণ্ডার বিষয়টি স্বীকার করেছেন।