সিলেট-চট্টগ্রাম পথে বিলম্বে ট্রেন চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-চট্টগ্রাম লাইনে সাত ঘণ্টা বিলম্বে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস চলাচল করায় যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে। দুই দিন আগে পাহাড়িকা এক্সপ্রেসের একটি ট্রেন বিকল হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।বাংলাদেশ রেলওয়ের ঢাকার কমলাপুরের বিভাগীয় পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত রোববার কুমিল্লার কাছে রাজাপুর স্টেশন এলাকায় সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনার পর থেকে টানা ৪৮ ঘণ্টায় সিলেট-চট্টগ্রাম লাইনের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ও আন্তনগর উদয়ন এক্সপ্রেসের ট্রেন অস্বাভাবিক বিলম্বে চলাচল করছে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা সৈয়দ নাজমুল ইসলাম গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, একটি ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস হয়ে সিলেট গিয়ে সেটি আবার উদয়ন এক্সপ্রেস হয়ে রাতে চট্টগ্রাম ফিরছে। ইঞ্জিন বিকল হওয়ায় দুই দিন ধরে এই লাইনে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস বিলম্বে চলাচল করছে। তাছাড়া বগি ও ইঞ্জিনস্বল্পতার জন্যও স্বাভাবিক সময়ে ট্রেন চলাচল করতে পারছে না।মৌলভীবাজার জেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী উদয়ন এক্সপ্রেস ভোর সাড়ে চারটার স্থলে দুপুর সাড়ে ১২টায় শমশেরনগর স্টেশন অতিক্রম করেছে।