সিলেট ছাড়িয়ে প্রচারণা এবার বিদেশে!
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরীর সমর্থনে প্রতিদিনই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।সেসব স্থানে প্রায় প্রতিদিনই দুই প্রার্থীর সমর্থকেরা সভা-সমাবেশ করছেন। এসব সভা থেকে সিলেটে বসবাসরত আত্মীয়স্বজনদের কাছে নিজেদের সমর্থিত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। একাধিক প্রবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, সৌদি আরবে কামরান ও আরিফের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভা থেকে দুই প্রার্থীর সমর্থকেরা সিলেটে বসবাসরত তাঁদের আত্মীয়স্বজনদের কাছে ভোট প্রার্থনা করেন। যুক্তরাজ্যপ্রবাসী আতাউল ইসলাম বলেন, ‘আমরা আরিফুলের সমর্থনে যুক্তরাজ্যে একাধিক সভা করেছি। সর্বশেষ আজও (গতকাল বৃহস্পতিবার) বিশাল একটি সভা হয়েছে।’ যুক্তরাষ্ট্রপ্রবাসী সামসুল আলম বলেন, ‘কামরানের সমর্থনে দেশের বিভিন্ন মানুষের কাছে আমরা মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছি। এ ছাড়া একাধিক সভাও করেছি।’ সমাজ অনুশীলন সিলেটের সদস্যসচিব মুক্তাদীর আহমদ বলেন, ‘সিলেট অঞ্চলের প্রতিটি নির্বাচনেই প্রবাসীদের বড় একটা ভূমিকা থাকে। এবারও এটির ব্যতিক্রম নয়।’