সিলেট জেলা ছাত্রলীগ সভাপতির পদ স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনাসহ সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থের পদ স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জ্যেষ্ঠ সহসভাপতি হিরণ মাহমুদকে ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করা হয়েছে। পংকজের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান গতকাল সন্ধ্যায় বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। হিরণ মাহমুদকে কেন্দ্রীয় সিদ্ধান্ত জানানো হয়েছে বলে তিনি স্বীকার করেন। সিলেট এমসি কলেজে চার লাখ টাকার কাজ না করেই বিল তোলা নিয়ে রোববার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. নজরুল হাকিমকে কলার চেপে ধরে অধ্যক্ষের কক্ষ থেকে বের করে নিয়ে যান পংকজ পুরকায়স্থ। পরদিন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সব প্রকৌশলী ও ঠিকাদারেরা বৈঠক করে সব উন্নয়নমূলক কাজ বন্ধ রাখার ঘোষণা দেন। গতকাল প্রথম আলোর পৃষ্ঠা-৫-এর পাতায় ‘ছাত্রলীগ নেতার আতঙ্কে কাজ বন্ধের সিদ্ধান্ত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।