সিলেট জেলা প্রশাসনের কর্মচারীদের হামলার ঘটনায় দুদকের জিডি
সিলেট জেলা প্রশাসনের বাণিজ্য শাখায় ‘ঘুষখোর’ কর্মচারী ধরতে গিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের একটি দল অবরুদ্ধ ও হামলার শিকার হওয়ার ঘটনায় অভিযোগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দুদক সিলেটের উপপরিচালক শিরিন পারভিন জিডির মাধ্যমে এ অভিযোগ দেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি আকারে দেওয়া হলেও পুলিশ তদন্ত করছে। এতে দুদকের অভিযান, অবরুদ্ধ ও হামলার শিকার হওয়ার বর্ণনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দুদকের একটি দল জেলা প্রশাসনের বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আটক করে। এ সময় জেলা প্রশাসনের কর্মচারীরা দুদক দলকে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে আটক আজিজুরকে ছাড়িয়ে নিতে দুদক সদস্যদের সঙ্গে হাতাহাতি থেকে মারধরের ঘটনা ঘটে। কর্মচারীদের হামলায় দুদকের উপসহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার, ওয়াহিদ মঞ্জুর, কনস্টেবল মিসবাহ উদ্দিন ও গাড়িচালক বিপ্লব আহত হন। মিসবাহর মাথা ফেটে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুদকের অভিযোগে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দুদক জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় ঘুষের টাকা লেনদেনের সময় বাণিজ্য শাখার অফিস সহকারী আজিজুর রহমানকে আটক করা হয়। তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের অন্য কর্মচারীরা তাতে বাধা দেন। একপর্যায়ে দুদকের সদস্যের ওপর হামলা চালান কর্মচারীরা।
অভিযানের সঙ্গে সম্পৃক্ত দুদকের এক কর্মকর্তা বলেন, নগরের বাগবাড়ির বাসিন্দা অকিল চন্দ্র সূত্রধর পায়েল এন্টারপ্রাইজ পেট্রলপাম্প স্থানান্তরের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের বাণিজ্য শাখায় আবেদন করেন। এ জন্য কর্মচারী আজিজুরের সঙ্গে ২০ হাজার টাকার চুক্তি হয়। ওই টাকা লেনদেনের খবর পেয়ে দুদক ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে আজিজুরকে আটক করতে গিয়ে এ পরিস্থিতির মুখে পড়ে।
দুদকের হাত থেকে ছাড়িয়ে নেওয়া জেলা প্রশাসনের কর্মচারী আজিজুর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে বাংলাদেশ কালেক্টরেট সমিতি সিলেট জেলা শাখার সভাপতি আফসর আহমদ বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ে এসে তাঁর অনুমতি না নিয়ে কাউকে গ্রেপ্তার করা অন্যায়। আমরা এর প্রতিবাদ করেছি, কারও ওপর হামলার ঘটনা ঘটেনি। আজিজুর স্ট্রোক করায় তাঁকে নিরাপদে সরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’