সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় গ্রেপ্তার সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে সুব্রত চক্রবর্তীর বিরুদ্ধে দুদকের মামলা ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে তা প্রত্যাহার এবং অবিলম্বে তাঁর মুক্তির দাবিতে নগরে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখা।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের আইনজীবী মো. লুৎফুল কিবরিয়া সুব্রত চক্রবর্তীকে কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার রাতে দুদকের একটি দল সুব্রত চক্রবর্তীকে আটক করে সিলেট কোতোয়ালি থানায় সোপর্দ করে। তাঁর বিরুদ্ধে দুদক সিলেটের উপপরিচালক রেবা হাওলাদারের করা দুর্নীতি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখায়।

মামলার বাদী জানান, ২০০৭ সালে এক-এগারোর পরিবর্তিত সময়ে সুব্রত চক্রবর্তীর বিরুদ্ধে ‌মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনসহ অন্যান্য খাত থেকে আসা প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। দুদক অভিযোগের তদন্তে তাঁকে সম্পদের হিসাব দেওয়ার জন্য একাধিক নোটিশ দিলেও তিনি তা না করায় ১ সেপ্টেম্বর দুদক আইনের ১৯ (৩) ধারায় মামলা করা হয়।

গতকাল বেলা দুইটায় নগরে বিক্ষোভ মিছিল করে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে সমাবেশ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখা। সংগঠনের জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজের সভাপতিত্বে সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ডেপুটি কমান্ডার আকরাম আলী, সহকারী কমান্ডার সাইফুল হোসেন, সাংগঠনিক কমান্ডার আবদুল হক, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, মুক্তিযোদ্ধা যুব কমান্ড জেলা শাখার আহ্বায়ক শাহীন আহমদ চৌধুরী এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেন বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে জেলার ৩৫ হাজার মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যবদ্ধ। এ কারণে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির ইন্ধনে সুব্রত চক্রবর্তীকে কারাবন্দী করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না হলে আগামী শনিবার জেলার প্রতিটি উপজেলা কমান্ড শাখা বিক্ষোভ কর্মসূচি পালন করবে।