সিলেট জেলা লকডাউন

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এবার সিলেট জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেল চারটায় সিলেটের জেলা প্রশাসক এ আদেশ দেন।
জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিলেট জেলাকে আজ বিকেল চারটার পর থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে জেলায় প্রবেশ এবং প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। নির্দেশনার বাস্তবায়ন করবে পুলিশ প্রশাসন।
লকডাউনসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জেলায় জনসাধারণের আসা–যাওয়া নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ সিলেটে প্রবেশ করতে কিংবা বের হতে পারবে না। জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা–যাওয়া করা যাবে না। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আততাবহির্ভূত থাকবে।