সিলেট জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করল প্রশাসন
সিলেট জেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের আরামবাগ এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়, ‘বাল্যবিবাহ যাঁরাই পড়াবেন, তাঁদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।’
‘কন্যা শিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’ স্লোগান নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ, মহানগর পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে জেলার সব পর্যায়ের জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ, রাজনৈতিক, ধর্মীয় নেতাসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার ১৩টি উপজেলার ১০৫টি ইউনিয়নের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বিবাহ নিবন্ধক, রাজনৈতিক, ধর্মীয় নেতাদের উপস্থিতিতে নানা ধরনের সচেতনতামূলক সমাবেশ হয়েছে।