জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখায় সিলেট বিভাগের চার জেলায় ১৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত সিলেটের জেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠানে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন মৌলভীবাজার জেলার পরিবার কল্যাণ সহকারী জাহেদা বেগম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা হোসনা জাহান।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবারকল্যাণ সহকারীর পুরস্কার পেয়েছেন গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়নের পরিবারকল্যাণ সহকারী মনোয়ারা বেগম। তাঁকে নিয়ে গতকাল প্রথম আলোতে ‘কষ্ট সয়ে আজ তিনি শ্রেষ্ঠ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ ছাড়া উপজেলা পর্যায়ে সিলেট সদরের খাদিমপাড়া ইউনিয়নের পরিবারকল্যাণ সহকারী লিপি রানী দে ও কান্দিগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকের পরিবারকল্যাণ পরিদর্শিকা রজ্জবুন নেছা পুরস্কার পান।