সিলেট থেকে এক উড়ালের পরই বন্ধ ফ্লাই দুবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক উড়ালের পরই বন্ধ হয়ে গেছে বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের সিলেট-দুবাই ফ্লাইট। ফলে পরবর্তী ফ্লাইটগুলোর টিকিট কেনা যাত্রীরা বেকায়দায় পড়েন। পরে তাঁদের বিকল্প ব্যবস্থায় ঢাকায় এনে গন্তব্যে পাঠানো হয়।
বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) সূত্র জানায়, সিলেট থেকে ফ্লাই দুবাইয়ের সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি নেই। দুবাইভিত্তিক এই বিমান সংস্থাটি মূলত ‘কোড শেয়ারের’ নামে রিজেন্ট এয়ারের অনুমতিকে ব্যবহার করছে। এটা করতে গিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না করেই ১ এপ্রিল থেকে ফ্লাইট শুরু করে। কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে জটিলতা দেখা দেয়।
ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে কোনো চুক্তি না করেই ১ এপ্রিল ফ্লাইট পরিচালনা করে ফ্লাই দুবাই। ওই দিন তাদের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করে দেন রিজেন্ট এয়ারের কর্মীরা। এ নিয়ে বিমান বাংলাদেশের সঙ্গে ফ্লাই দুবাইয়ের টানাপোড়েনের সৃষ্টি হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বিষয়টি ঠিক না করে ফ্লাই দুবাইকে সিলেট থেকে উড্ডয়ন অনুমতি দেওয়াটা নিয়মের ব্যত্যয় হয়েছে। তাঁর অভিযোগ, ফ্লাই দুবাইয়ের স্থানীয় এজেন্টের সঙ্গে সিভিল এভিয়েশনের কতিপয় কর্মকর্তার যোগসাজশের ভিত্তিতে এটা হয়েছে।
এ বিষয়ে সিভিল এভিয়েশনের দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। সিভিল এভিয়েশনের একটি সূত্র জানায়, ফ্লাই দুবাইকে কেবল তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমটির পর জটিলতা দেখা দেওয়ায় ৩ ও ৪ এপ্রিল নির্ধারিত বাকি দুটি ফ্লাইট আর যায়নি।
এ রকম অনুমতিকে নজিরবিহীন মন্তব্য করেন বিমানের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। তিনি বলেন, সিলেট-লন্ডন বাংলাদেশ বিমানের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য। বিমানের এসব যাত্রীকে লক্ষ্য করে ফ্লাই দুবাই সক্রিয় হয়েছে। এ ক্ষেত্রে সিভিল এভিয়েশন জাতীয় বিমান সংস্থার স্বার্থ দেখার পরিবর্তে বিদেশি বিমান সংস্থার স্বার্থের ব্যাপারে মনোযোগী হয়ে উঠেছে।
এ ছাড়া দেশীয় বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ার সিলেট-দুবাই ফ্লাইট পরিচালনার অনুমতি নিয়ে সেটা এখন কোড শেয়ারের নামে ফ্লাই দুবাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রচলিত কোড শেয়ার চুক্তিতে দুটি বিমান সংস্থা নিজ নিজ সুবিধা অনুযায়ী গন্তব্যে আসন ভাগাভাগি করে থাকে। এ ক্ষেত্রে এমন সুযোগ নেই, কারণ রিজেন্টের দুবাই থেকে অন্য কোনো গন্তব্যে ফ্লাইট নেই যে আসন ভাগাভাগি করবে।
এ বিষয়ে রিজেন্ট এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবিব গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা কোড শেয়ারের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করেননি। ফ্লাই দুবাইয়ের সিলেট-দুবাই গন্তব্যে প্রতি ফ্লাইটে ২০টি আসন রিজেন্টের জন্য থাকবে। তিনি বলেন, সিভিল এভিয়েশনের সঙ্গে ‘টেকনিক্যাল কিছু সমস্যার’ কারণে এখন ফ্লাইট সাময়িক স্থগিত রাখা হয়েছে। আর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বিষয়ে তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইনস নয়, সিভিল এভিয়েশনের সঙ্গে আলোচনা করবেন।