সিলেট থেকে ট্রেন চলেনি ১০ ঘণ্টা
সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলেনি প্রায় ১০ ঘণ্টা। হবিগঞ্জ জেলার রশিদপুর স্টেশন এলাকায় গতকাল রোববার ভোর পাঁচটার দিকে চট্টগ্রামগামী তেলবাহী একটি ট্রেনের ছয়টি ট্যাংকার লাইনচ্যুত হয়ে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইন থেকে ট্যাংকারগুলো সরিয়ে নিলে বিকেল তিনটার দিকে আবার ট্রেন চলতে শুরু করে।
মৌলভীবাজারের শমশেরনগর স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ বলেন, দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তনগর পারাবত ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে। এতে সিলেট থেকে ঢাকার পথে চলাচলকারী আন্তনগর ট্রেন কালনি এক্সপ্রেস ও সিলেট আখাউড়া পথে চলাচলকারী কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করা হয়। পাশাপাশি চট্টগ্রাম অভিমুখী আন্তনগর ট্রেন পাহাড়ি কুলাউড়া এবং ঢাকা অভিমুখী আন্তনগর ট্রেন জয়ন্তিকা শমশেরনগর স্টেশনে আটকা পড়ে।
বাংলাদেশ রেলওয়ের ডিআরএম মো. আরিফুজ্জামান বলেন, আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থল থেকে ট্যাংকারগুলো সরিয়ে নিলে বেলা দেড়টার দিকে লাইন চালু হয়। কিন্তু রশিদপুর পাহাড়ি এলাকায় উদ্ধারকারী ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি ধরা পড়লে উদ্ধারকাজ বিলম্বিত হয়।
আরিফুজ্জামান বলেন, কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।