সিলেট থেকে 'সুন্দরবন জনযাত্রা'র প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের বিকল্প নাই’ স্লোগানে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ঘোষিত আগামী ১০-১৫ মার্চ ‘সুন্দরবন অভিমুখী জনযাত্রা’ কর্মসূচির প্রচারণা সিলেট থেকে শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সুধী সমাবেশ থেকে জনযাত্রা কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে একাত্ম হওয়ার আহ্বান জানান কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ। বিকেল সাড়ে চারটায় জনযাত্রা সফল করতে সিলেটে আয়োজিত সুধী সমাবেশে আনু মোহাম্মদ প্রধান অতিথির বক্তব্য দেন। জনযাত্রা কর্মসূচি দেশের স্বার্থে উল্লেখ করে তিনি বলেন, সুন্দরবনবিধ্বংসী রামপাল-ওরিয়ন বিদ্যুৎ প্রকল্পসহ সব অপতৎপরতা বন্ধ এবং বিদ্যুৎ সংকটের সমাধানে জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে জনযাত্রা শুরু হবে। ১৫ মার্চ পর্যন্ত জনযাত্রা থেকে সুন্দরবন রক্ষায় ধারাবাহিক দাবি জাননো হবে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেটের আহ্বায়ক আরশ আলীর সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, মিজানুর রহমান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ধীরেন সিংহ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য সিকান্দর আলী, সিপিবি সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি কমরেড হাবিবুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারজানা সিদ্দিকা ও উদীচী সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব বক্তব্য দেন। জনযাত্রা কর্মসূচি সম্পর্কে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেটের সদস্যসচিব আনোয়ার হোসেন।