সিলেট নগর বিএনপির পৃথক সমাবেশ, দাবি এক
সিলেট মহানগর বিএনপিতে বিভক্তি দেখা দিয়েছে৷ গতকাল মঙ্গলবার দুপুরে এক পক্ষ ও বিকেলে আরেক পক্ষ বিক্ষোভ কর্মসূচি পালন করে৷ এর মধ্য দিয়ে সিলেটে দলের বিভক্তি প্রকাশ্য রূপ নেয়৷ তবে দুই পক্ষের সুর ছিল এক৷ উভয় পক্ষ সমাবেশ থেকে ‘নিখোঁজ’ ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়৷
দেশব্যাপী গুম-খুন-অপহরণের প্রতিবাদে নগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি ছিল গতকাল৷ নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন পক্ষ বিকেলে কোর্ট পয়েন্টে সমাবেশ করে৷ এম এ হকের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন আজমল বক্ত৷ সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন ও তারেক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল গণি আরেফিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর মহিলা দলের সভাপতি সামিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক রোকসানা বেগম প্রমুখ বক্তব্য দেন৷
দুপুর ১২টার দিকে মহানগর বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল করে কোর্ট পয়েন্টে সমাবেশ করে অপর পক্ষ৷ এ সমাবেশে সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতাদের আধিক্য ছিল৷ নগর বিএনপির সহসভাপতি সৈয়দ মকসুদ আলীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন নগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর দিনার খান৷ বক্তব্য দেন নগর বিএনপির কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুল ওয়াছেহ্ চৌধুরী, সিটি করপোরেশনের নারী ওয়ার্ড কাউন্সিলর সালেহা কবির, আমেনা বেগম, কোহিনুর ইয়াসমিন, দিবা রাণী দে, কাউন্সিলর আবদুর রকিব প্রমুখ৷
দুই পক্ষ দুপুর ও বিকেলে আলাদা সমাবেশ করলেও বক্তাদের ছিল একই সুর৷ বক্তারা বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীসহ দলের গুম হওয়া নেতাদের ফেরত দেওয়ার দাবি জানান৷ পাশাপাশি বর্তমান সরকারকে ‘অবৈধ’ উল্লেখ করে সরকার পতনের আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বলা হয়৷