সিলেট নগর যুবলীগের কমিটি প্রত্যাখ্যান, ঝাড়ুমিছিল

সিলেট নগর যুবলীগের আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে গতকাল সোমবার বিকেলে নগরে ঝাড়ুমিছিল করেছেন যুবলীগের একাংশের নেতা-কর্মীরা।
নগর যুবলীগের সাবেক নেতা সুদীপ দে এই অংশের নেতৃত্ব দিচ্ছেন। মিছিল থেকে অর্থমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এ ছাড়া মিছিলের পর এক সমাবেশ থেকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবিরকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
নগর যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সিলেটে যুবলীগের আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয় ২০০৪ সালের নভেম্বরে। এর প্রায় এক দশক পর গত রোববার ঢাকা থেকে নগর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ঢাকায় বসেই সিলেট নগর যুবলীগের ৬১ সদস্যের এই কমিটি করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দপ্তরে জমা দেন। সেখান থেকে কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এই কমিটি প্রত্যাখ্যান করে নগর যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুদীপ দের নেতৃত্বে গতকাল নগরে ঝাড়ুমিছিল বের করা হয়।
মিছিল শেষে নগরের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ হয়। পরে সমাবেশ থেকে সিলেটে আহমদ আল কবীরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সমাবেশে মহানগর যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হান্নান, সাবেক ক্রীড়া সম্পাদক বিধান পাল, সাবেক আইন সম্পাদক ছাদিকুর রহমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক গৌতম চক্রবর্তী, যুবলীগের নেতা আবদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
কেন্দ্র থেকে ঘোষিত কমিটিতে আলম খানকে আহ্বায়ক এবং মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান, সাইফুর রহমান ও সেলিম আহমদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকি ৫৬ জন আছেন সদস্য হিসেবে।
আহ্বায়ক আলম খান বলেন, আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে কাউন্সিলের মাধ্যমে সিলেট নগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।