সিলেট নগর যেন আবর্জনার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার না হওয়ায় এলাকাবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ অবস্থায় পুরো নগর যেন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করে নগরবাসীকে দুর্গন্ধ থেকে রেহাই দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।নগরবাসীর অভিযোগ, নগরের গুরুত্বপূর্ণ এলাকার ময়লা-আবর্জনা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করে থাকেন। এর বাইরে নগরের ২৭টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার আর্বজনা পরিষ্কার করা হয় না বললেই চলে। এতে করে সারাক্ষণ দুর্গন্ধ লেগেই থাকে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরের বন্দরবাজার, আম্বরখানা, জিন্দাবাজার, মির্জাজাঙ্গাল, লামাপাড়া, শিবগঞ্জ, সোনারপাড়া, সেনপাড়া, সুবিদবাজার, লামাবাজার, রিকাবীবাজার, পুলিশ লাইন, দক্ষিণ সুরমা, ঝালোপাড়া, বিলপাড়, তালতলা, কালীঘাট, কাজীর বাজার, ধোপাদীঘির পাড়, সোবহানীঘাটসহ অন্তত শতাধিক এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা ও নালা-নর্দমার পাশে স্তূপ করা ময়লা-আবর্জনা। এসব স্থানে দিনের পর দিন আবর্জনা পড়ে থাকলেও তা অপসারণে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে নগরবাসী অভিযোগ করেছেন।কাজলশাহ এলাকার বাসিন্দা খুরশেদ মিয়া বলেন, ‘প্রতিদিন ব্যবসাসংক্রান্ত কাজে নগরের চৌহাট্টা এলাকায় আমাকে যেতে হয়। আমার বাসা থেকে প্রায় পৌনে এক কিলোমিটার দূরের ওই স্থানে যেতে বহু ক্লনিক-হাসপাতাল পড়ে। তাই প্রতিদিন সকালে দেখি রাস্তার আশপাশে সুচ, স্যালাইনের খালি প্যাকেটসহ বিভিন্ন ধরনের চিকিৎসা বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের এ রকম উদাসীনতার কারণে জনস্বাস্থ্যও হুমকির মুখে রয়েছে।’সোনারপাড়া এলাকার বাসিন্দা গৃহিণী তানজিমা ইসলাম বলেন, ‘যেখানে খুশি সেখানে মানুষ ময়লা ফেলছে। কোনো একটি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেললে পথচারীদের দুর্ভোগে পড়তে হতো না। অবস্থা এমন যে, পুরো রাস্তাজুড়েই ময়লা-আবর্জনার স্তূপ। যেন পুরো নগরই আবর্জনার ভাগাড়।’শিবগঞ্জ এলাকার স্কুলশিক্ষক মতিলাল দাস বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু উদ্যোগী হলে নগরবাসী দুর্গন্ধের যন্ত্রণা থেকে রেহাই পেত। সকাল, দুপুর ও বিকেলবেলা নিয়মিত নগরের আবর্জনা পরিষ্কার করা হলে এই দুর্ভোগ পোহাতে হতো না।বন্দরবাজার এলাকার ফল ব্যবসায়ী আলফাজ মিয়া বলেন, রাতের সিলেট খুবই দুর্গন্ধময়। সন্ধ্যার পর থেকেই বন্দরবাজার এলাকার বেশ কয়েকটি স্থানে রেস্তোরাঁ ব্যবসায়ী, মাংস বিক্রেতা, ফল ও সবজির আড়তদার থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী উচ্ছিষ্ট আবর্জনা রাস্তায় ফেলেন। এতে চারপাশে দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়। এ সময় মানুষের চলাফেরা করতে অসুবিধা হয়। আর এই আবর্জনা সিটি করপোরেশন পরিষ্কার করে পরদিন সকালে। তাই দুর্ভোগ রাতভর লেগেই থাকে।সিটি করপোরেশনের পরিষ্কার ও পরিচ্ছন্নতা বিভাগ সূত্রে জানা গেছে, নগরে প্রতিদিন পাঁচ টন বর্জ্য উৎপাদিত হয়। এসব বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনীয় লোকবল না থাকায় আর্বজনা সুষ্ঠুভাবে অপসারণ করা সম্ভব হচ্ছে না। ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী নালা-নর্দমা পরিষ্কার থেকে শুরু করে নগরের প্রতিদিনকার উৎপাদিত ময়লা-আবর্জনাও অপসারণ করছেন।এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, রিকাবীবাজার, উপশহর শাহী ইদগাহ এলাকা থেকে সব সময় আবর্জনা অপসারণ করা হয়। এ ছাড়া, নগরের অন্যান্য এলাকা থেকে শুধু ভোরবেলায় আবর্জনা অপসারণ করা হয়। এটা ঠিক, সারা দিন আবর্জনা না সরানোয় নগরবাসীর দুর্ভোগ হচ্ছে। তিনি আরও বলেন, ‘লোকবলের সংকটের সমাধান না হলে এই সমস্যার আপাতত সমাধান সম্ভব নয়। তবু স্বল্পসংখ্যক লোকবল দিয়ে আমরা আন্তরিকভাবে নগরবাসীকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তবে যত্রতত্র চিকিৎসা বর্জ্য ফেলাসহ নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলায় দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় নগরবাসীকে আরও সচেতন হতে হবে।’