সিলেট নগরবাসী যানজটে নাকাল
সারি সারি অসংখ্য সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও রিকশা। দীর্ঘ দেড় ঘণ্টা ধরে একটির পেছনে অপরটি ঠায় দাঁড়িয়ে রয়েছে। মানুষের হাঁটার জন্যও তিলপরিমাণ জায়গা নেই। এর মধ্যে দু-একটি যানবাহনের চালক একে অন্যকে অতিক্রম করার চেষ্টা করলে পুরো রাস্তায় হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়। এতে যানজট আরও দীর্ঘস্থায়ী রূপ নেয়। এটি গতকাল মঙ্গলবার দুপুর একটায় নগরের ব্যস্ততম জিন্দাবাজার থেকে চৌহাট্টা এলাকার কাজি ম্যানশনের সামনের সড়কের চিত্র। শুধু জিন্দাবাজার এলাকার এ সড়কটিই নয়, বরং নানামুখী কারণে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় প্রতিদিন যানজট লেগেই থাকে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে নগরের বন্দরবাজার, দাঁড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল, তালতলা, মীরের ময়দান, রিকাবীবাজার, লামাবাজার, মেডিকেল রোড, সুবিদবাজার, আম্বরখানা, বড়বাজার, শিবগঞ্জ, ধোপাদিঘিরপার, সোবহানীঘাট, পাঠানটোলা, মীরাবাজারসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়কে যানজট লক্ষ করা গেছে। নগরের বাগবাড়ী এলাকার বাসিন্দা বাপন তালুকদার বলেন, ‘নগরের বন্দরবাজার, আম্বরখানা, জিন্দাবাজার এলাকায় সকাল, দুপুর ও সন্ধ্যা যে সময়ই যাই না কেন, যানজটে পড়তেই হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতি ও রোববার যানজট প্রকট আকার ধারণ করে।’ অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য ও বিভিন্ন সামাজিক আন্দোলনে সম্পৃক্ত আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল বলেন, ‘আজ (মঙ্গলবার) সকাল থেকেই বৃষ্টি ছিল। এতে নগরবাসীকে এমনিতেই দুর্ভোগে পড়তে হয়েছে, এর মধ্যে যানজটের কারণে আরও বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে এখনই প্রয়োজনীয় উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ না করলে কয়েক বছরের মধ্যে নগরবাসীকে আরও চরম ভোগান্তির শিকার হতে হবে।’ সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার শফিকুর রহমান বলেন, ‘নানা কারণে নগরে যানজটের ঘটনা ঘটছে। সরু ও অপ্রশস্ত সড়ক তো রয়েছেই, এর মধ্যে জেলার আশপাশের উপজেলার রিকশাও অবাধে নগরে প্রবেশ করছে। অথচ নগরের বাইরের রিকশাগুলো শহরের ভেতরে আসার নিয়ম নেই। এতে করে যানজট আরও প্রকট আকার ধারণ করছে। এ ছাড়া নগরে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ব্যাটারিচালিত রিকশা ব্যাপকহারে অনুমোদন দিচ্ছে, এটাও যানজটের অন্যতম কারণ।’