সিলেট নগরে অবাধে চলছে অনুমোদনহীন ইজিবাইক
সিলেট নগরে অবাধে চলাচল করছে অনুমোদনহীন ইজিবাইক। পুলিশ ও সিটি করপোরেশনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় এসব অনুমোদনহীন যানবাহন নগরে চলাচল করছে বলে অভিযোগ উঠেছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১০-১১ সালে এক হাজার ৫০টি ব্যাটারিচালিত ইজিবাইককে নগরে চলাচলের অনুমোদন দেয় সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স শাখা। পরে সরকার এক আদেশে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে এসব ইজিবাইককে আর অনুমোদন না দিতে বলে। একই সূত্র জানায়, সরকারি নির্দেশনার পর নতুন করে কোনো ইজিবাইককে চলাচলের অনুমোদন দেয়নি কর্তৃপক্ষ। তবে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কয়েক হাজার ইজিবাইক অবৈধভাবে শহর ও শহরতলিতে চলাচল করছে।
নগরবাসী জানান, ইজিবাইক চলাচলের ব্যাপারে নগরবাসীর এমনিতেই তীব্র আপত্তি ছিল। কারণ এসব ইজিবাইক আকারে বড় হওয়ায় সড়কে বেশি জায়গা দখল করে চলাচল করে। ফলে নগরে যানজট বেড়ে যায়। তাছাড়া এসব যানের গতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না বলে প্রায়ই পথচারী ও যাত্রীদের ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হয়।
নগরের বন্দরবাজার, সিটি পয়েন্ট, টিলাগড়, আম্বরখানা, পাঠানটোলা, ধোপাদীঘিরপার, সোবহানীঘাট, বালুচরসহ কয়েকটি অস্থায়ী ইজিবাইক স্টেশনে গিয়ে দেখা গেছে, সিটি করপোরেশনের নম্বরপ্লেটবিহীন ইজিবাইকগুলো অবাধে চলাচল করছে। এসব ইজিবাইক যাত্রী পরিবহনের পাশাপাশি মালামালী পরিবহন করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইজিবাইক চালক জানিয়েছেন, কিছু ইজিবাইকের পেছনে সিটি করপোরেশনের ভুয়া নম্বরপ্লেট লাগানো রয়েছে। একই নম্বরে একাধিক যানও চলাচল করছে। সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখছে না। ফলে দীর্ঘদিন ধরেই অনুমোদনহীন ইজিবাইক নগরজুড়ে নির্বিঘ্নে চলাচল করছে।
অবৈধ ইজিবাইক চলাচলে পুলিশের কোনো কর্মকর্তা সহযোগিতা করছে না দাবি করে ট্রাফিক পুলিশ সিলেট মহানগরের পরিদর্শক শহীদ আলম বলেন, অবৈধ ইজিবাইক নগরে যাতে চলাচল করতে না পারে, সে জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হয়। তবে একদিকে অভিযান চলে, অন্যদিকে পুনরায় অনুমোদনহীন ইজিবাইক চলাচল করে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন কর্তৃপক্ষকেও কার্যকর ভূমিকা রাখতে হবে।
সিটি করপোরেশনের লাইসেন্স শাখার কর্মকর্তা চন্দন দাশ বলেন, অবৈধ ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ট্রাফিক পুলিশের দেখভাল করার কথা। এতে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোনো কর্মকর্তার জড়িত থাকার বিষয়টিও সঠিক নয়।