সিলেট নগরে আরও দুটি সরকারি উচ্চবিদ্যালয় স্থাপন করা হবে। গত বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সারা দেশে আরও সাতটি সরকারি উচ্চবিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে সিলেট নগরে দুটি সরকারি উচ্চবিদ্যালয় স্থাপন করা হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একনেকের বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশে আরও নতুন সাতটি সরকারি উচ্চবিদ্যালয় স্থাপনের প্রস্তাব উত্থাপন করেন। শিক্ষামন্ত্রীর এ প্রস্তাব একনেকের বৈঠকে গৃহীত হয়। নতুন সাতটি উচ্চবিদ্যালয় স্থাপনে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৫২ কোটি টাকা। এর মধ্যে সিলেট নগরে দুটি বিদ্যালয় স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ প্রথম আলোকে জানান, সিলেট বিভাগে বর্তমানে ২০টি সরকারি উচ্চবিদ্যালয় রয়েছে। এর মধ্যে সিলেট নগরে দুটি সরকারি উচ্চবিদ্যালয়ে দুই পালা চালু রয়েছে। নতুন দুটি বিদ্যালয় স্থাপন হলে শিক্ষার সুযোগ আরও প্রসারিত হবে।