সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার থেকে গত বৃহস্পতিবার ভোরে আবদুল আহাদ নামের এক যুবক বাইসাইকেলযোগে নগরের বাগবাড়ী এলাকার নিজ বাসায় ফিরছিলেন। সাগরদীঘিরপাড় শ্মশানঘাট এলাকায় পৌঁছার পর তিন ছিনতাইকারী আহাদের গতি রোধ করে। এ সময় ছিনতাইকারীরা আহাদের টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। বাধা পেয়ে ছিনতাইকারীরা আহাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।আহাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার বেলা পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুধু আহাদ নন, আগস্ট মাসে সিলেট নগরে শতাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমনকি কেউ কেউ ছিনতাইকারীদের কবলে পড়ে জিনিসপত্র খোয়ানোর পাশাপাশি মারধরের শিকারও হয়েছেন।আসছে ঈদ বাড়ছে ছিনতাই: ১৯ আগস্ট সকাল পৌনে ১০টায় রামেরদীঘিরপাড় এলাকায় রিকশার গতি রোধ করে ছিনতাইকারীরা চাকু দেখিয়ে এমসি কলেজের সাবেক জিএস প্রদ্যোত রায়ের স্ত্রী নিবেদিতা রায় চৌধুরীর দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ওই দিন বেলা দেড়টায় সোবহানীঘাট ট্রেড সেন্টার কাঁচামাল আড়তের কর্মচারী সেবুল মিয়া ধোপাদীঘিরপাড় এলাকায় যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে নগদ তিন হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। সেবুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়।২০ আগস্ট শাহজালাল উপশহর এলাকায় একটি নোয়া গাড়ি (ঢাকা মেট্রো-গ-১৪-৯০৩২) চুরি হয়েছে। চুরির ঘটনায় ইস্টার্ন সিলেট প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। ওই দিন বেলা ১১টায় উপশহর এলাকায় এক মহিলার তিন হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার ছিনতাই হয়েছে। একই দিন সকাল সাড়ে নয়টায় সুরমা মার্কেট এলাকায় এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। ২২ আগস্ট সন্ধ্যা ছয়টায় দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় একটি থাই ফুডসের কর্মচারী রুবেল হাওলাদার ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা চাকু দিয়ে আঘাত করে তাঁর সাত হাজার টাকা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।একই দিন বিকেলে নগরের বারুতখানা এলাকার একটি ব্যাংক থেকে এক ব্যবসায়ী এক লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করে লালদীঘিরপাড় এলাকায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে মোটরসাইকেল যোগে ছিনতাইকারীরা এসে টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই সিলেট কোতোয়ালি থানায় মামলা করেছেন দক্ষিণ সুরমা বরইকান্দি কাজিরখলা গ্রামের ব্যবসায়ী বদরুল হোসেন। ছিনতাইয়ের যত স্পট: সিলেট নগর ও শহরতলির অর্ধশতাধিক স্থানে ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটছে। ঈদ সামনে রেখে অন্য যেকোনো সময়ের তুলনায় ছিনতাই আশঙ্কাজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসীর সঙ্গে আলাপকালে এসব ছিনতাই স্পটের নাম পাওয়া যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু এলাকা হলো: সাগরদীঘিরপাড়, বারুতখানা, দাঁড়িয়াপাড়া, আখালিয়া, বাগবাড়ী, নতুন মেডিকেল, বিলপাড়, শেখঘাট, জল্লারপাড়, তালতলা, কাজিরবাজার, শেখঘাট, মীরাবাজার, শিবগঞ্জ, উপশহর, মীরের ময়দান, হাওয়াপাড়া, তাঁতিপাড়া, জিন্দাবাজার, বন্দরবাজার, জামতলা, দরগাগেট, টিলাগড়, সেনপাড়া, যতরপুর, ফরহাদ খাঁর পুল, আম্বরখানা, লামাবাজার, শাহজালাল ব্রিজের পূর্বপ্রান্ত, ধোপাদীঘিরপাড়, সুবিদবাজার, পাঠানটোলা, লাক্কাতুরা ও বড়বাজার।নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার বাসিন্দা শামসুল ইসলাম বলেন, ‘আমার পাড়ায় ঢুকতে যে গলিটি পড়ে, সেখানে প্রায় প্রতিদিনই ছিনতাই হয়। অথচ পুলিশের নিয়মিত কোনো টহলব্যবস্থা এখানে চোখে পড়ে না বললেই চলে।’ র্যাব-পুলিশের ভাষ্য: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ ইবনে জাহেদ বলেন, ‘র্যাব সব সময় ছিনতাইকারীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা এটা করে থাকি।’সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘ছিনতাই প্রতিরোধে পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। বিশেষ করে রাতে পুলিশের টহলব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যেহেতু পুলিশ অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে, তাই উদ্বেগের কিছু নেই।’ তিনি আরও বলেন, ‘ঈদ সামনে রেখে পুলিশকে কয়েকটি ভাগে ভাগ করে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি অর্ধশতাধিক চুরি- ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকার করেন।