সিলেট নগরে গ্যাসের চুলায় নিভু নিভু আগুন
‘আমরার মাটি থেকে তোলা হয় গ্যাস। চুলায় গ্যাসের চাপ থাকত না কেনে?’ রান্নাঘরে চুলার নিভু নিভু অবস্থার কথা জানিয়ে এভাবেই ক্ষোভের সঙ্গে বলছিলেন, সিলেট নগরের আরামবাগ এলাকার এক গৃহিণী। ক্ষুব্ধ ও চড়া মেজাজে জানান, প্রতিদিন বিকেলে তাঁর বাসাসহ আশপাশের সব বাসায় গ্যাসের চাপ কমে যায়। কোনো দিন ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয়। আবার কোনো দিন রাতভর চলে এ অবস্থা।
আরামবাগের মতো জালালাবাদ গ্যাসের আওতাধীন সিলেট নগরের আরও সাতটি মহল্লার বাসা-বাড়িতে গ্যাসের চুলায় নিভু নিভু আগুন জ্বলছে। দু সপ্তাহ ধরে এমন অবস্থা চলছে।
আবাসিক এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন বেশি সমস্যা হয় সকালের দিকে। এ সময় নগরের কাজীটুলার একাংশ, আরামবাগ, লালাদিঘিরপার, বড়বাজার, বনকলাপাড়া, মুন্সিপাড়া ও ঝালোপাড়া এলাকায় গ্যাসের সরবরাহ কমে যায়। এসব এলাকার গ্যাসের চুলায় নিভু নিভু অবস্থায় আগুন জ্বলে। অনেক বাসা-বাড়ির চুলায় আগুনও জ্বালানো সম্ভব হয় না। ফলে সকালের নাশতা আর দুপুরের খাবার রান্না নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় গৃহিণীদের।
লালাদিঘিরপারের বাসিন্দা এক স্কুলশিক্ষিকা বলেন, সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত গ্যাসের চাপ কম অনুভূত হয়। কোনো কোনো দিন সকালের খাবার রাতে রান্না করে রাখতে হয়। পেশাজীবী হওয়ায় এ অবস্থায় তিনি মারাত্মক সমস্যায় পড়েছেন।
মুন্সিপাড়া এলাকার আরেক গৃহিণী ক্ষোভের সঙ্গে বলেন, ‘সকাল কিংবা বিকেল যেকোনো একটা বেলায় গ্যাসের চাপ খুব কম থাকে। বাধ্য হয়ে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করতে হয়। এ অবস্থায় মেজাজ কি ঠিক থাকে?’ তিনি জানান, অবস্থার পরিবর্তন না হলে রোজার মাসে বিকল্প চিন্তা করতে হবে।
গত মঙ্গলবার সরেজমিনে ওই সাত এলাকার একাধিক বাসায় খোঁজ নিয়ে গ্যাসের এমন সংকট দেখলেও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের দাবি—এ রকম কোনো সমস্যাই নেই। নির্দিষ্ট করে জানানো হলে বলা হয়, এই সমস্যা সাময়িক। গ্রাহকপর্যায় থেকে জানানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়। সিলেট অঞ্চলে জালালাবাদ গ্যাস সরবরাহের সমন্বয় এখান থেকেই করা হয়। জালালাবাদ গ্যাস ভবনের আবাসিক ও বাণিজ্যিক সংযোগ দপ্তর জানায়, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই চার জেলা নিয়ে জালালাবাদ গ্যাস অঞ্চল। মোট সংযোগ আছে ২ লাখ ৩ হাজার। এর মধ্যে আবাসিক সংযোগ ২ লাখ ১ হাজার। বাকি দুই হাজার গ্যাসের সংযোগ শিল্পপ্রতিষ্ঠান-কেন্দ্রিক। গ্যাসের দৈনিক চাহিদা ২২০ থেকে ২৩০ এমএমসিএফ।
সংশ্লিষ্ট দপ্তরের কারিগরি শাখার কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ পর্যাপ্ত। তবে সরবরাহ লাইনে কোনো ত্রুটি থাকলে গ্যাসের চাপ কমার কারণে চুলার আগুন নিভু নিভু হয়। সিলেট অঞ্চলের মধ্যে নগরে আবাসিক সংযোগের লাইনে গ্যাসের চাপ বেশি অনুভূত হওয়ার কারণেও সমস্যা হয়। তবে এমন সমস্যা সাময়িক বলে দাবি তাঁদের।
সমস্যা সাময়িক হলেও স্থায়ী প্রতিকার সম্পর্কে বিক্রয় ও বিতরণ শাখার কয়েকজন কর্মকর্তা জানান, নগরের যেসব এলাকায় আবাসিক গ্যাস পৌনে এক ইঞ্চি ব্যাসের পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয়েছে, সেসব পাইপলাইনে এ রকম সমস্যা হয়। এমন ব্যাসের পাইপগুলো অপসারণ করে দুই ইঞ্চি ব্যাসের করা হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড সিলেটের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আবদুল মুমিন প্রথম আলোকে বলেন, যে এলাকা বা মহল্লায় গ্যাসের চাপ কম অনুভূত হয়, সেসব এলাকা তাৎক্ষণিক পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হয়। এটি জালালাবাদ গ্যাসের চলমান একটি প্রক্রিয়া।