সিলেট নগরে চিড়িয়াখানা করার আশ্বাস অর্থমন্ত্রীর
সিলেট নগরে একটি চিড়িয়াখানা স্থাপনের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার নগরের রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ব্যাপারে আশার কথা শোনান।
অর্থমন্ত্রী বলেন, সিলেট শহরের কোনো ফুসফুস নেই, অর্থাৎ উন্মুক্ত জায়গা নেই, পার্ক নেই। আশার কথা হচ্ছে, এ বছরের শেষের দিকে শহরের মাঝখান থেকে কেন্দ্রীয় কারাগার সরে যাবে। তখন ৪০ থেকে ৪৫ একর খোলা জায়গা হবে। সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ১৫ দিনব্যাপী ওই বৃক্ষমেলা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ, সিলেটে পুলিশের ডিআইজি মিজানুর রহমান, সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান প্রমুখ।