সিলেট নগরে জমি দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের বড় ছেলের বিয়ে। বরযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিল পরিবারের সদস্যরা। এ নিয়ে ব্যস্ততার সুযোগে জমি দখলে নেওয়ার চেষ্টা হয়েছে। দখলে বাধা পেয়ে দখলের চেষ্টাকারীরা চড়াও হয় বিয়েবাড়ির ওপর। তাদের মারধরে ওই বাড়ির চারজন আহত হয়। গতকাল রোববার বিকেলে সিলেট নগরের ‘মণিপুরি মহল্লা’ খ্যাত শিবগঞ্জের আদিত্যপাড়ায় বাংলাদেশ মণিপুরি মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবীর বাড়িতে এ ঘটনা ঘটে।ওই পরিবারের অভিযোগ, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড) আজাদুর রহমানের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে ওই বাড়িতে যায়। সেখানে তারা একটি দোকান ভাঙচুর করে। এ সময় পরিবারের লোকজন বাধা দিলে কাউন্সিলর আজাদের সঙ্গে থাকা লোকজনের মারধরে রীনা দেবীর বড় মেয়ে, ছেলে ও দুই আত্মীয় আহত হন। বড় মেয়ে অজন্তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিয়েবাড়িতে লুটপাটের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের টহল দল পৌঁছালে দখলদারেরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কাছের একটি দোকানঘর ভাঙা। এলোমেলোভাবে কিছু নির্মাণসামগ্রী ফেলে রাখা। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এস রীনা দেবীর বাড়িতে বিয়ের ব্যস্ততার সুযোগে ওই জায়গায় ঘর তৈরি করে দখল প্রতিষ্ঠা করতে চেয়েছিল দখলকারীরা। ওয়ার্ড কাউন্সিলর আজাদের সঙ্গে ২০-২৫ জন লোক ছিল বলে এলাকাবাসী জানান।এস রীনা দেবী জানান, তাঁর বড় ছেলে অয়ন সিংহের বিয়ে ছিল গতকাল। বিয়ে উপলক্ষে রাতে বরযাত্রার কথা ছিল। পরিবারের সবাই সেই প্রস্তুতিতে ব্যস্ত ছিল। বিকেল পৌনে চারটায় দখলের চেষ্টাকারীরা সেখানে গিয়ে তাণ্ডব চালায়। অয়ন সিংহ জানান, তাঁদের বাড়িতে পৈতৃক মালিকানার ৪৪ শতক জায়গার দখল করতে ওয়ার্ড কাউন্সিলর আজাদের বড় ভাই আজিজুর রহমানের নেতৃত্বে একটি ভূমিখেকো চক্র দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে আসছে। ওই চক্রের নেতৃত্ব দিচ্ছেন আজাদ। এ নিয়ে আদালতে মামলাও চলছে। ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মণিপুরি সমিতির পক্ষ থেকে লিখিত আবেদন পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই জায়গায় নতুন কোনো দখল প্রতিষ্ঠা না করতে বলা হয়েছে।সদলবলে জায়গা দখল করতে যাওয়া এবং মারধরের ঘটনা অস্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর আজাদ বলেন, ‘জায়গা নিয়ে বিরোধ চলছিল শুনে আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ওই জায়গায় গিয়েছিলাম। পুলিশ ও র‌্যাব আছে দেখে চলে এসেছি।’ তাঁর বিরুদ্ধে ওই পরিবারের অভিযোগ প্রসঙ্গে আজাদ বলেন, ‘আমি দুইবারের নির্বাচিত কাউন্সিলর। ভোটে আমার পক্ষে যাতে মণিপুরি সম্প্রদায় না থাকে, সে জন্য একটি চক্র প্রায়ই আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। এটা ওই চক্রেরই কাজ।’ তবে জায়গাটি বিরোধপূর্ণ দাবি করে আজাদ বলেন, ‘ওই জায়গা আমার বড় ভাই আজিজুর রহমান ১৯৯১ সালে কিনে ২০০৪ সালে আবার বিক্রি করেছেন। যাঁরা কিনেছেন, তাঁরা দখল পাচ্ছিলেন না বলে আমাদের কাছে বলতেন। কিন্তু আমরা সবকিছু আইনগতভাবে মোকাবিলার পরামর্শ দিয়ে আসছি।’সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, জায়গাটি বিরোধপূর্ণ। তাই উভয় পক্ষের কাগজপত্র পুলিশ দেখছে। হামলায় মণিপুরি পরিবারের চার সদস্য আহত হওয়া প্রসঙ্গে ওসি বলেন, ‘এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরিস্থিতির কারণে জায়গার ওপর পুলিশ বিশেষ নজর রাখছে।’