সিলেট নগরে ট্রাক চলাচল নিয়ে বিবাদ, ১৮ ঘণ্টা যান চলাচলবন্ধ
সিলেট নগরে ট্রাক চলাচল নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে ট্রাকচালকদের বিবাদের কারণে ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের বিভিন্ন সড়কে একটানা প্রায় ১৮ ঘণ্টা সরাসরি যান চলাচল বন্ধ ছিল। গত শুক্রবার রাতে নগরের পাঠানটুলা এলাকায় ৩০টি ট্রাক ভাঙচুরের ঘটনায় ট্রাকচালকেরা ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন সড়কে এলোমেলোভাবে ট্রাক ফেলে রাখায় সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল শনিবার ট্রাকমালিক ও শ্রমিকসংগঠনগুলোর সঙ্গে পুলিশ-জেলা প্রশাসনের বৈঠকের পর বেলা তিনটার দিকে বিভিন্ন সড়ক থেকে ফেলে রাখা ট্রাক সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও পরিবহন সংগঠন সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে নগরের পাঠানটুলা এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনার পর এলাকাবাসী দাবি জানায়, নগরের আম্বরখানা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফটক পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কে রাত নয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সময় ছাড়া অন্য সময় ট্রাক চলাচল নিষিদ্ধ করতে হবে।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাতে পাঠানটুলার কাছে বিক্ষুব্ধ এলাকাবাসী ইটপাটকেল নিক্ষেপ করে ৩০টি ট্রাকের কাচ ভাঙচুর করেন।
এলাকাবাসী জানান, সিলেট নগরের আম্বরখানা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কের দুই পাশে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দিনের বেলা এ সড়ক দিয়ে ট্রাকের বেপরোয়া চলাচলে আতঙ্কিত হয়ে তাঁরা ট্রাক চলাচল নিয়ন্ত্রণের দাবি করে আসছিলেন। দাবি না মানায় বিক্ষুব্ধ লোকজন শুক্রবার রাতে কয়েকটি ট্রাকে ঢিল ছোড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে ভাঙচুরের শিকার ওই সব ট্রাক পাঠানটুলা এলাকায় রাস্তার ওপর এলোপাতাড়িভাবে ফেলে রেখে ট্রাকচালকেরা চলে যান। এ খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কসহ অন্যান্য সড়কগুলো দিয়ে চলাচলকারী ট্রাকগুলোও সড়কের মধ্যে ফেলে রেখে বিক্ষোভ প্রকাশ করেন ট্রাকচালকেরা। এতে সড়কে অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে গতকাল দুপুরে পুলিশ ও জেলা প্রশাসন ট্রাকমালিক ও শ্রমিকসংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রথম আলোকে জানান, বৈঠকে পাঠানটুলা এলাকায় ট্রাক ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নগরে ট্রাক চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করার ব্যাপারে সমঝোতা হয়। পরে বেলা তিনটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি জানান, সব মিলিয়ে একটানা প্রায় ১৮ ঘণ্টা সরাসরি যান চলাচল বন্ধ ছিল।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, রাত নয়টার দিকে নগরের পাঠানটুলা এলাকায় অন্তত ৩০টি ট্রাক ভাঙচুর করা হয়। সেগুলো ফেলে চালকেরা নিরাপত্তা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি বলেন, ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও নগরে ট্রাক চলাচলের নতুন সময়সূচি নির্ধারণের আশ্বাসে মহাসড়কসহ বিভিন্ন সড়কে ফেলে রাখা ট্রাক সরিয়ে নেওয়া হয়।