সিলেট নগরে ট্রাক চলাচল বন্ধের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের আম্বরখানা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফটক পর্যন্ত সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসী ওই সড়কের সিলেট অংশ অবরোধ করে মূলত ট্রাক চলাচল বন্ধ করে দেন।

পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে ওই সড়কের পাঠানটুলা এলাকায় ট্রাকচাপায় হাবিব রাসেল (২৭) নামের সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হন। তাঁর বাড়ি সুনামগঞ্জের নারায়ণপুর গ্রামে। দুর্ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হন। এ ঘটনার পরপরই এলাকাবাসী সড়ক অবরোধ করে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ করার দাবি জানান। গতকাল বিকেল চারটার পর ফের ট্রাক চলাচল শুরু হলে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়কের আম্বরখানা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ফটক পর্যন্ত অবরোধ করলে ট্রাক চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় শতাধিক ট্রাক আটকা পড়ে।

সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অজয় চন্দ্র দেব জানান, বুধবার রাতের দুর্ঘটনায় কোতোয়ালি থানায় ট্রাকচালককে আসামি করে মামলা হয়েছে। পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ দাবির পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে ট্রাকচালক মোহাম্মদ মাসুদকে পাঠানটুলা থেকে গ্রেপ্তার করা হয়।