সিলেট নগরে পানির তীব্র সংকট
সিলেট নগরে প্রতিদিন পানির চাহিদা সাত কোটি ৯০ লাখ লিটার৷ এর বিপরীতে নগরবাসী যে পানি পায়, তাতে ঘাটতি থেকে যায় পাঁচ কোটি ৪০ লাখ লিটার৷ চলতি মৌসুমে মাত্রাতিরিক্ত গরমে পানির চাহিদা আরও বেড়ে যাওয়ায় পানি উত্তোলনের পাম্পগুলো সার্বক্ষণিক চালু রেখেও সমস্যার কোনো সমাধান হয়নি৷
বরং অধিকাংশ পাম্পই পুরোনো হওয়ায় প্রতি মাসেই গড়ে নগরে অন্তত চার থেকে পাঁচটি পাম্প বিকল হয়ে যাচ্ছে৷ ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ প্রকল্পও বাস্তবািয়ত না হওয়ায় পানি নিয়ে নগরবাসীর ভোগান্তি চরম আকার ধারণ করেছে৷
সরেজমিনে জানা যায়, ২৭টি ওয়ার্ড নিয়ে সিলেট নগর গড়ে উঠেছে৷ ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন গঠিত হওয়ার পর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড সিটি করপোরেশনের এলাকাভুক্ত হয়৷ কিন্তু আজও এ তিনটি ওয়ার্ডে সিটি করপোরেশন পানি সরবরাহ করতে পারেনি৷
দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার বাসিন্দা ও আন্তজেলা বাসমালিক সমিতি সিলেটের যুগ্ম সম্পাদক আবদুর সাত্তার বলেন, ‘গরিবরা নদীর পানি খার (খায়)। এলাকায় যে দুই-চাইর জনের নলকূপ আছে, সেখানে পানি নিতে মাইনষের লাইন পড়ি যায়।’
কেবল দক্ষিণ সুরমা উপজেলার এ তিনটি ওয়ার্ড নয়; বািক ২৪টি ওয়ার্ডেও রয়েছে তীব্র পানিসংকট। হাওয়াপাড়া এলাকার বাসিন্দা মিনহাজ উজ জামান বলেন, রাত চারটায়, ভোর ছয়টায় কিংবা সন্ধ্যা ছয়টায়, রাত আটটায়—দিনে এ রকম দুবার পানি দেয় সিটি করপোরেশন।
৩ জুন সন্ধ্যায় কুমারপাড়া পয়েন্টে গিয়ে দেখা গেছে, সিটি করপোরেশনের পানি সরবরাহ লাইনের সামনে শতাধিক নারী-পুরুষ বালতি, কলস নিয়ে দাঁড়িয়ে আছেন। সারিতে দাঁড়ানো সাবিনা বেগম বলেন, ‘আইজ লাইনে দাঁড়াইতে দেরি হইছে৷ আিম পাইপের কাছে যাইতে যাইতে পানি শেষ অই যাইতে পারে৷ খালি আল্লা আল্লা করতাছি৷’
এলাবাসী জানান, গত সোমবার রাতে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আম্বরখানা এলাকায় পানির দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। এ ওয়ার্ডে সাত দিন ধরে পানি নেই৷
সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখা সূত্র জানায়, দক্ষিণ সুরমার তিনটি বাদে নগরের বািক ২৪টি ওয়ার্ডের জন্য মোট ৩০টি পাম্প রয়েছে৷ এর মধ্যে ১৯৮৫ সালে পাঁচটি, ১৯৯৮ সালে ১৩টি এবং ২০১২ সালে ১২টি পাম্প বসানো হয়েছে৷ শেষ ১২টি বাদে বাকিগুলোতে কিছুদিনের মধ্যেই সমস্যা দেখা দেয়৷
সিটি করপোরেশন কর্তৃপক্ষের অভিযোগ, তীব্র পানিসংকটের পরও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ১৩২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ প্রকল্পের কাজ থমকে আছে৷ ১০ বছর ধরে ঝুলে আছে প্রকল্পটি৷ এ অবস্থায় নগরের পানি সমস্যা দূর করতে সম্প্রতি সিটি করপোরেশন কর্তৃপক্ষ ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নামে ৩২১ কোটি টাকার অপর একটি প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে৷
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে সিলেট ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ প্রকল্পের আওতায় ৫৪ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়৷ কিন্তু টাকা কম হওয়ায় প্রকল্পটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি৷ পরে ২০০৯ সালে আরও ১০৫ কোটি এবং ২০১৩ সালে আরও ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়৷
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হানিফ বলেন, ‘প্রকল্পটির বরাদ্দ বাড়ার পর দ্রুত কাজ এগোচ্ছে৷’
জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পানি) সৈয়দ হোসেন জামাল বলেন, ‘সিলেট নগরে প্রতিদিন পানির চাহিদা সাত কোটি ৯০ লাখ লিটার। অথচ আমরা সরবরাহ করতে পারছি মাত্র দুই কোটি ৫০ লাখ লিটার৷’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘মন্ত্রণালয়ে পাঠানো প্রকল্প প্রস্তাবটি বাস্তবািয়ত হলে আরও পাঁচ কোটি লিটার পানি সরবরাহ সম্ভব হবে।’