সিলেট নগরে বসছে সিসি ক্যামেরা
চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সিলেট নগরের সড়কগুলোতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসাচ্ছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সিটি করপোরেশনের এক প্রকৌশলী জানিয়েছেন, সিসি ক্যামেরা স্থাপন শেষে এর নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের ভার সিলেট মহানগর পুলিশের হাতে হস্তান্তর করা হবে।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, ২০১৩ সালের ১৫ জুন মেয়র নির্বাচিত হওয়ার পর আরিফুল হক চৌধুরী পুরো নগরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেন। এ লক্ষ্যে নগরের জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে সিসি ক্যামেরা বসানোও হয়। তবে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আরিফুল সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে যাওয়ার পর এ পরিকল্পনা আর এগোয়নি।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে মাস খানেকের মধ্যে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়ে যাবে। এ লক্ষ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও অপরাধস্থল হিসেবে পরিচিত স্থানগুলোতে এসব ক্যামেরা বসানো হবে।