সিলেট নগরে বেড়েছে বখাটের উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বিভিন্ন স্কুল-কলেজের আশপাশে বখাটেদের উৎপাত বেড়ে চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ভুক্তভোগী ছাত্রী ও অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করে বখাটেদের ঠেকাতে পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নগরের টিলাগড় এলাকার এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, চৌহাট্টা এলাকার সিলেট সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাওয়া-আসার পথে নির্দিষ্ট কিছু মোড়ে প্রতিনিয়ত ছাত্রীরা বখাটেদের উৎপাতের শিকার হচ্ছে। এমসি কলেজের এক ছাত্রী অভিযোগ করে, ‘কলেজ ছুটির সময় বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বখাটেরা দলবেঁধে মোটরসাইকেলের ওপর বসে আড্ডা দেয়। এ সময় মেয়েদের দেখে ওরা বিশেষ অঙ্গভঙ্গি প্রদর্শনসহ বাজে ভাষায় কটূক্তি করে। এ ছাড়া মোবাইল ফোনে ছবি তোলার চেষ্টা করে। এমনকি এসব বখাটেরা পিছু নিয়ে বাসা কিংবা মেস পর্যন্তও চলে আসে।’ একই কলেজের আরেক ছাত্রী বলে, ‘ভয়ে এসব ঘটনা কাউকে বলতেও পারি না। যদি আবার হিতে বিপরীত হয়।’ সিলেট সরকারি মহিলা কলেজের একাধিক ছাত্রীও একই ধরনের অভিযোগ করে। তারা জানায়, মেস কিংবা হোস্টেল থেকে হেঁটে প্রাইভেট পড়তে কিংবা কলেজে আসা-যাওয়ার পথে বখাটেদের কবলে পড়তে হয়। ওই কলেজের এক ছাত্রী বলে, ‘গত কয়েক দিন আগে ফেসবুকে দেখি আমার একটি ছবি আপলোড করা হয়েছে। দেখলেই বোঝা যায় এই ছবিটি দূর থেকে কেউ মোবাইল ফোনে তুলেছে।’ সমাজ অনুশীলন সিলেটের সদস্যসচিব মুক্তাদীর আহমদ বলেন, ‘এটি একটি সামাজিক অনাচার। অনেক অভিভাবকের খামখেয়ালিপনা ও অসচেতনতার কারণে তাঁদের ছেলেরা ধ্বংসের দিকে এগোচ্ছে। কিন্তু এসব প্রতিরোধে পুলিশ প্রশাসনেরও জোরালো ভূমিকা রাখা উচিত।’ সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, বখাটেদের কঠোর হাতে দমন করতে পুলিশ খুবই আন্তরিক। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে টহলের পরিমাণ আরও বাড়ানো হবে।