সিলেট নগরে ভারী বৃষ্টি জলাবদ্ধতা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের অধিকাংশ এলাকা গতকাল শনিবার সকালের টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল। দুর্ভোগ ও ভোগান্তি নিয়ে দিনভর পথ চলতে হয়েছে নগরবাসীকে। নগরের চালিবন্দর এলাকার একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বৃষ্টির পানি ঢুকে জলাবদ্ধতা হওয়ায় পাঠদানও বন্ধ ছিল। কয়েক বছর ধরে ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করলেও সিটি করপোরেশন কর্তৃপক্ষ প্রতিকারে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে নগরবাসীর।স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষকেরা জানান, গত প্রায় এক সপ্তাহ টানা রোদের পর তিন দিন ধরে রাতে বৃষ্টি হচ্ছে। গতকাল সকাল সোয়া ১০টা থেকে বেলা একটা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টি হয়েছে ৪৫ থেকে ৫৫ মিনিট। জলাবদ্ধ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গতকালের টানা বৃষ্টিতে সিলেট নগরের অন্তত ২৫টি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এসব এলাকার কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমেছে। প্রায় এলাকায় বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকেছে। এ অবস্থায় এলাকার বাসিন্দারা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, নগরের মিরাবাজার, শিবগঞ্জ, আগপাড়া, সোনারপাড়া, রায়নগর, বারুদখানা, ঝালোপাড়া, কাজিরবাজার, খরাদিপাড়া, মাছিমপুর, তেররতন, শাহজালাল উপশহর, সাদিপুর, যতরপুর, সোবহানীঘাট, লামাপাড়া, খণ্ডিকর পাড়া, হাওয়াপাড়া, সেনপাড়া, চালিবন্দর এলাকায় জলাবদ্ধতায় মানুষের যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ দেখা দেয়। নগরের চালিবন্দরের রামকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়, মিরাবাজারের কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় পাঠদান ব্যাহত হয়।রামকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছে, গতকালের বৃষ্টিতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়ে। দুপুরের দিকে বৃষ্টি কমে গেলেও পানি নেমে যায়নি। ফলে শিক্ষকেরা ক্লাস না নিয়েই বিদ্যালয় ছুটি দিয়েছেন।রামকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদ মিয়া বলেন, ‘কয়েক দিন পরেই শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা। অথচ সামান্য বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি ঢুকে যায়। এ অবস্থায় ওই দিন আমাদের পক্ষে কোনো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। স্কুলের পাশের সব কটি ভরাট হওয়া ড্রেন কিছুটা পরিষ্কার করা হলেও এ সমস্যা সামান্য হলেও দূর হবে।’মীরাবাজার এলাকার ব্যবসায়ী নূর মিয়া ক্ষুব্ধ সুরে বলেন, ‘আপনি নিজেই দেখেন, কী অবস্থায় আছি। আমার দোকানঘরে হাঁটুপানি। দোকানের মালপত্র সব নষ্ট হয়ে গেছে। আমি ক্ষুদ্র ব্যবসায়ী। এই যে হাজার ত্রিশেক টাকার মালামাল পানিতে ভিজে নষ্ট হয়ে গেল, এটার কি কেউ ক্ষতিপূরণ দেবে?’অভিযোগ রয়েছে, বর্ষা মৌসুম শুরুর পর সিটি করপোরেশন নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করছে না। এ কারণে নগরের অধিকাংশ নালা-নর্দমায় ময়লা-আবর্জনা জমে ভরাট হয়ে রয়েছে। এ অবস্থায় সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে তীব্র জলাবদ্ধতা।সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে পানিনিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া বর্ষা মৌসুম হওয়ায় কিছুদিন ধরে নালা-নর্দমাও নিয়মিত পরিষ্কার করা যাচ্ছে না। এ অবস্থায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছে। শিগগিরই নালা-নর্দমা পরিষ্কার করতে পরিচ্ছন্নতা-কর্মীদের কাজে লাগানো হবে।’প্রধান প্রকৌশলী জানান, জলাবদ্ধতা দূর করতে সিটি করপোরেশন নগরের ভরাট হওয়া ছড়া-খাল খনন ও সংস্কারে একটি প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্প শেষ হলে জলাবদ্ধতা অনেকটা কমে যাবে।