সিলেট নগরে ময়লা আবর্জনার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের সেনপাড়া এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা-নর্দমার ময়লা-আবর্জনা রাস্তায় স্তূপ করে রেখেছেন। অন্তত ১৩ দিন এভাবে উন্মুক্ত অবস্থায় স্তূপ করা ময়লা পড়ে থাকলেও সেসব অপসারণ করা হচ্ছে না। এতে নগরবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ছাড়া এসব ময়লা-আবর্জনার দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে অনেকে জানিয়েছেন।

নগরবাসীর অনেকে ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরজুড়ে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পাড়া-মহল্লার নালা-নর্দমাগুলো ময়লা-আবর্জনামুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। ১৩ দিন আগে সেনপাড়া এলাকার অন্তত আধা কিলোমিটার নর্দমাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। তবে পরিচ্ছন্নতাকর্মীরা নর্দমা থেকে আবর্জনা তুলে রাস্তায় স্তূপাকারে রাখলেও সেগুলো অপসারণ করা হচ্ছে না। সেনপাড়া এলাকার একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, আবর্জনা অপসারণ না করায় তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। রিকশা কিংবা যানবাহনের চাকায় লেগে এসব আবর্জনা রাস্তাজুড়ে অপরিচ্ছন্নতার সৃষ্টি করছে। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ ছাড়া ময়লার কারণে স্বাভাবিকভাবে যানচলাচলও সম্ভব হচ্ছে না। এতে পথচারীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার পাশে আবর্জনার অন্তত ৩০টি স্তূপ রয়েছে। দীর্ঘদিন ধরে আবর্জনা অপসারণ না করায় ময়লা রোদে শুকিয়ে জমাট হয়ে রয়েছে। গত মঙ্গলবারও একই স্থানের কিছু নর্দমা পরিষ্কার করে আবর্জনা রাস্তায় ফেলে রাখায় দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষজন ওই স্থানে এসে নাক-মুখ চেপে রাস্তা অতিক্রম করছে।

সেনপাড়া এলাকার গৃহিণী নসিমা খাতুন বলেন, নর্দমায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, এটা তো ভালো কথা। কিন্তু দিনের পর দিন রাস্তার পাশে এবং মানুষজনের বাড়িঘরের সামনে স্তূপ করে ময়লা ফেলে রাখায় জনদুর্ভোগ তৈরি হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আলবাব আহমদ বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। বিষয়টি এখন গোচরে আসায় ময়লা অপসারণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’