সিলেট নগরে মশার যন্ত্রণা
সিলেটে দিন ও রাতে সমানভাবে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। দীর্ঘদিন ধরে ওষুধ না ছিটানোর ফলে মশার প্রকোপ অসহনীয় মাত্রায় বেড়েছে বলে নগরবাসী অভিযোগ করেছেন। মশার প্রকোপ বেড়ে যাওয়ার কথা স্বীকার করে কর্তৃপক্ষের ভাষ্য, শিগগির নগরের ২৭টি ওয়ার্ডে ওষুধ ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে নাগাদ এ উদ্যোগ নেওয়া হবে, তা সঠিকভাবে কর্মকর্তারা বলতে পারেননি।প্রতিবছর শীতের শুরুতে মশার প্রকোপ বেড়ে যায়। অন্যান্য বছর এ সময়ে মশার বংশবিস্তার প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে ওষুধ ছিটানো হয়। কিন্তু এ বছর কোনো ওষুধ ছিটাতে না পারায় মশার প্রকোপ বেড়ে গেছে। তবে কী কারণে ওষুধ ছিটানো হয়নি, এ নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাননি সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে কর্মরত এক কর্মচারী জানান, শীত শুরুর এই সময়টা মশার প্রজননের মৌসুম। অথচ এ মৌসুমেই ওষুধ ছিটানো হচ্ছে না। কারণ এ বছর এখন পর্যন্ত কোনো ওষুধ কেনা হয়নি। কর্তৃপক্ষের কাছে কোনো ওষুধ না থাকার কারণেই ছিটানো সম্ভব হচ্ছে না।সুবিদবাজার এলাকার শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের ভাষ্য, ‘মশার যন্ত্রণায় পড়ার টেবিলে পড়তে পারছি না। তাই মশারি টাঙিয়ে বিছানায় বসে-শুয়ে পড়ছি। এভাবে অনেকক্ষণ পড়াশোনা করায় কোমরে ব্যথা ধরে গেছে।’ মীরাবাজার এলাকার সপ্তম শ্রেণীর ছাত্র মো. জাহিদ হাসান বলে, ‘পরীক্ষা চলছে। অথচ মশার কামড়ে পড়তে পারছি না।’সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের পরিদর্শক আনোয়ারুল হক প্রথম আলোকে জানান, নগরের সবকটি ওয়ার্ডে শিগগির মশকনিধন ওষুধ ছিটানো হবে। তবে কবে নাগাদ এ কার্যক্রম শুরু হবে, এ ব্যাপারে দিনক্ষণ নির্দিষ্ট হয়নি বলে তিনি জানান।