সিলেট নগরে সবজির বাজার নিয়ন্ত্রণহীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে ব্রহ্মময়ী বাজারের দূরত্ব প্রায় ৭০ গজ। এ দূরত্বের ব্যবধানে প্রতি কেজি সবজি প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। কেবল এ দুটি বাজারেই নয়, সুষ্ঠু তদারকির অভাবে রমজানের শুরু থেকেই নগর ও শহরতলির বিভিন্ন বাজারে একই দ্রব্য একেক দামে বিক্রি হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, সবজির বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
গতকাল নগর ও শহরতলির কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতিটি বাজারে একই সবজি ভিন্ন দামে বিক্রি হচ্ছে। বন্দরবাজার এলাকায় টমেটো প্রতি কেজি ৮০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা, গাজর ৬০ থেকে ৭০ টাকা, কাঁচামরিচ ১৬০ থেকে ২০০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রহ্মময়ী বাজার এলাকায় প্রতি কেজি টমেটো ৪০ টাকা, শসা ৪০ থেকে ৪৫ টাকা, গাজর ৫০ টাকা, কাঁচামরিচ ১৫০ টাকা ও বেগুন ৪৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বন্দরবাজার থেকে মীরাবাজার এলাকার দূরত্ব আধা কিলোমিটারেরও কম। সেখানে প্রতি কেজি টমেটো ৫০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৪৫ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা ও বেগুন ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মীরাবাজার থেকে অন্তত আধা কিলোমিটার দূরে শিবগঞ্জ বাজার। সেখানে প্রতি কেজি টমেটো ৫৫, শসা ৪৫, গাজর ৫০, কাঁচামরিচ ১৮০ ও বেগুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। শিবগঞ্জ থেকে টিলাগড় এলাকার দূরত্ব আধা কিলোমিটার। সেখানে প্রতি কেজি টমেটো ১০০ টাকা, শসা ৫০ টাকা, গাজর ৭০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা ও বেগুন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। টিলাগড় এলাকা থেকে শহরতলির মেজরটিলা এলাকার দূরত্ব প্রায় আধা কিলোমিটার। সেখানে প্রতি কেজি টমেটো ১০০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৫৫ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা ও বেগুন ৩০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
শহরতলির শাহপরান গেট এলাকায় প্রতি কেজি টমেটো ১০০ টাকা, শসা ৪৫ টাকা, গাজর ৫০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা ও বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বন্দরবাজার থেকে আম্বরখানার দূরত্ব আধা কিলোমিটার। সেখানে প্রতি কেজি টমেটো ৫০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৪৫ টাকা, কাঁচামরিচ ১৪০ টাকা ও বেগুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রহ্মময়ী বাজার এলাকার সবজি ব্যবসায়ী আনহার মিয়া জানান, কাঁচাবাজারে সবজির নির্ধারিত দাম না থাকায় একেক হাটে এসব সবজি একেক দামে বিক্রি হচ্ছে। কয়েকজন ক্রেতা জানান, টমেটো, শসা, গাজর, কাঁচামরিচ, বেগুন ছাড়াও ইফতারিসামগ্রী হিসেবে বিভিন্ন ধরনের শাকের প্রতি রোজাদারদের আসক্তি রয়েছে। এই সুযোগে বিক্রেতারা শাকের দাম বাড়িয়ে দিয়েছেন। বড় আকারের শাকের আঁটি প্রতিটির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারের লালশাক, পালংশাক, হেলেঞ্চা, ডাঁটাশাক, কলমিশাক, পুঁইশাক ও কচুশাকের চাহিদা বেশি থাকায় এগুলোর দাম বাড়ানো হয়েছে।
রায়নগর এলাকার স্কুলশিক্ষক আমজাদ হোসাইন জানান, কাঁচামালের বাজারের ওপর প্রশাসনের সুষ্ঠু তদারকি না থাকায় ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় ক্রেতাদের রীতিমতো ঠকাচ্ছেন।
বন্দরবাজার এলাকার শাক বিক্রেতা আবদুস সোবহান জানান, রমজানে শাকের চাহিদা প্রচুর। ক্রেতাদের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে শাকের জোগান দেওয়া সম্ভব হয় না। তাই যা দাম হাঁকা হয়, তা দিয়েই ক্রেতারা শাক কেনেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব প্রথম আলোকে জানান, জেলা প্রশাসন রমজানের শুরু থেকেই বাজার তদারক করছে। বিভিন্ন বাজারে একই দ্রব্য একেক দামে বিক্রি হওয়ার কথা নয়। সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।