সিলেট নগরে হকারদের দখলে ফুটপাত
সিলেট নগরের বেশির ভাগ ফুটপাত এখন হকারদের দখলে। ঈদ সামনে রেখে হকাররা ফুটপাতে গড়ে তুলেছে অবৈধ দোকানপাট। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের।শুধু ফুটপাত নয়, মূল সড়ক দখল করেও তৈরি হয়েছে ভাসমান দোকান। এ কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এই দোকানগুলো থেকে ফাঁড়ি পুলিশ ও কর্তব্যরত পুলিশ নিয়মিত চাঁদা আদায় করছে বলেও অভিযোগ উঠেছে।সরেজমিনে দেখা গেছে, নগরের ব্যস্ততম বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, জল্লারপার, চৌহাট্টা, পাঠানটোলা, কোর্টপয়েন্ট, সুরমা মার্কেট, মেডিকেল রোড, তালতলাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থানের ফুটপাত দখল করে হকাররা দোকানপাট সাজিয়ে বসেছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফল, মুদি, কনফেকশনারি, চা, পান, সিগারেট, গৃহস্থালির পণ্যসামগ্রী, রান্নার তৈজসপত্র, প্রসাধনী, জুতা ও কাপড়ের দোকান। ক্রেতা-বিক্রেতাদের দর-কষাকষি আর মালামাল কেনার কারণে ফুটপাত দিয়ে চলতে পারছেন না পথচারীরা। পথচারীরা জানান, বিভিন্ন ফুটপাত ও সড়ক দখল করে দোকান গড়ে ওঠায় বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও আম্বরখানাসহ আশপাশের এলাকায় সব সময় যানজট লেগে থাকে। ফুটপাত দখলে থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলতে হচ্ছে।লামাবাজার এলাকার ব্যাংক কর্মকর্তা শাহীন আহমদ বলেন, নগরের ব্যস্ততম রাস্তাগুলোর দুপাশে চৌকি বিছিয়ে দিব্যি আস্তানা গেড়েছে হকাররা। ফুটপাত দিয়ে মানুষের চলাচলের পথটুকুও নেই।কাজিরবাজার এলাকার গৃহিণী নাজমা বেগম বলেন, ‘ঈদের কেনাকাটা করতে বেরিয়েছি। কিন্তু জিন্দাবাজার নেমে দেখি হাঁটার কোনো রাস্তা নেই। সব ফুটপাত দখল করে আছে হকাররা। ঠেলাঠেলি করে পাঁচ মিনিটের পথ হাঁটতে সময় লাগছে আধা ঘণ্টা।’নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক হকার জানান, পুলিশকে চাঁদা দিয়ে তাঁরা ফুটপাতে দোকান বসিয়েছেন। দোকানের ধরন অনুযায়ী প্রতিদিন ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত পুলিশকে দিতে হয়।এ ব্যাপারে জানতে চাইলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মানুষ সুযোগ পেলেই পুলিশের দোষ দেয়। পাঁচ-দশ টাকা নিয়ে পুলিশ ফুটপাতে দোকান বসাতে দেবে, এটা কল্পনা করা যায় না। আমরা একদিক দিয়ে ফুটপাতের দোকানগুলো উচ্ছেদ করে যাচ্ছি, অন্যদিক দিয়ে আবার তারা বসে পড়ছে।’ওসি আরও বলেন, বিষয়টি দেখার কথা সিটি করপোরেশন কর্তৃপক্ষের। তারা ঠিকমতো তদারকি না করায় ফুটপাত দখল হচ্ছে। সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ঈদের জন্য হকাররা ফুটপাত ও রাস্তা দখল করে দোকান সাজিয়ে বসেছে। ঈদের পরপর তারা নিজেরাই চলে যাবে।