সিলেট নগরে ১০০ মৃত্যুফাঁদ!
সিলেট নগরের প্রতিটি ফুটপাতের স্থানে স্থানে সংস্কারহীন, নির্মাণহীন খোলা ম্যানহোল আর উন্মুক্ত নালা-নর্দমাগুলো একেকটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দেখা গেছে, সংস্কার না করায় নগরের প্রায় ১০০টি স্থানে রাস্তার দুই পাশের ঢাকনাবিহীন নালা-নর্দমার পাশাপাশি অধিকাংশ ঢাকনা ভেঙে লোহার রড বের হয়ে আছে, কিংবা অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে খোলা ম্যানহোল। ফলে রাতের অন্ধকার কিংবা জলাবদ্ধতার সৃষ্টি হলে পথচারীরা শনাক্ত করতে পারে না কোনটা ফুটপাত, আর কোনটা ঢাকনাবিহীন মৃত্যুফাঁদ।সিলেট সিটি করপোরেশনের সার্ভেয়ার শাখা সূত্রে জানা যায়, ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের সিলেট নগরে কাঁচা ও পাকা ড্রেন রয়েছে ২১৯ দশমিক ৯৮ কিলোমিটার। এসব ড্রেনের অর্ধেকেরও ওপরে ঢাকনা রয়েছে বলে ওই বিভাগে কর্মরত কর্মকর্তারা জানিয়েছেন। তবে নগরে ৩০ কিলোমিটারব্যাপী প্রবহমান নয়টি ছড়ার (মালনী ছড়া, গোয়ালী ছড়া, গাভিয়ার খাল, মোগলী ছড়া, কালীবাড়ি ছড়া, যোগনী ছড়া, হলদি ছড়া, ধোপা ছড়া ও ভুবি ছড়া) কোথাও ঢাকনা কিংবা নিরাপত্তাবেষ্টনী না থাকায় নগরবাসীকে পথ চলতে আতঙ্কে থাকতে হয়।সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ দাস বলেন, ‘ঢাকনাবিহীন নালা-নর্দমা থাকায় মানুষের পথ চলতে সমস্যা হচ্ছে। এই তো কিছুদিন আগে আমার ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় একটি রিকশা উল্টে খোলা নর্দমায় পড়ে যায়। এই রিকশায় যাত্রী হিসেবে এক গর্ভবতী মহিলা ছিলেন। এটিকে উদাহরণ টেনে বিভিন্ন সময় করপোরেশনের সাধারণ সভায় সমস্যাটি উত্থাপন করেছি। মেয়র বদরউদ্দিন আহমদ কামরান পুরো বিষয়টি আন্তরিকতার সঙ্গে নিয়ে বেশকিছু কাজ করিয়েছেন।’এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই নগরের প্রায় সব কটি রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এ সময় অতিরিক্ত সতর্কতার সঙ্গে পথ চলতে হয়। কারণ, যেকোনো মুহূর্তে যে কেউ খোলা ম্যানহোল কিংবা নর্দমায় পড়ে বড় ধরনের অঘটনের মুখোমুখি হতে পারে। তাঁতীপাড়া এলাকার বাসিন্দা ছড়ামঞ্চ সিলেটের সাধারণ সম্পাদক বশির আহমদ বলেন, ‘শুধু জলাবদ্ধতার সময়ই নয়, বরং রাতের বেলা লোডশেডিংয়ের সময়ও নগরে পথ চলতে আমাদের আতঙ্কে থাকতে হয়। মনে হয়, এই বুঝি ঢাকনাবিহীন নর্দমায় পড়ে গেলাম!’সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ঢাকনাবিহীন নালা-নর্দমাগুলোকে ‘মৃত্যুফাঁদ’ স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন নগরের নালা-নর্দমার অধিকাংশেই ঢাকনার ব্যবস্থা করেছে। বাকিগুলোতেও পর্যায়ক্রমে ঢাকনার ব্যবস্থা নেওয়া হবে।’