সিলেট নগরের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ হবে শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী দুর্গাপূজা ও ঈদুল আজহার পর সিলেট নগর বদলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল বুধবার সিটি করপোরেশনের সমেঞ্চলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যাশার কথা বলেন। তিনি বলেন, অবৈধ বিলবোর্ড শিগগিরই উচ্ছেদ করা হবে।
এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘নগরের ফুটপাত অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হয়েছে। পূজা ও ঈদ উপলক্ষে কিছু ক্ষেত্রে হকারদের ছাড় দেওয়া হয়েছে। প্রধান দুই ধর্মীয় উৎসব শেষ হলে ফুটপাত দখল করে কোনো হকারকেই বসতে দেওয়া হবে না। নগরের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবিসংবলিত বিলবোর্ড-ব্যানার-ফেস্টুন অবৈধভাবে সাঁটানো হয়েছে। এগুলো অত্যন্ত অরুচিকর। এখন দেখছি আমাকে শুভেচ্ছা জানিয়ে আমার ছবি দিয়েও নগরে বিলবোর্ড সাঁটানো হচ্ছে। অনেক দাগি সন্ত্রাসীও এসব করছে। এসব অবৈধ বিলবোর্ড শিগগিরই উচ্ছেদ করা হবে।’
আরিফুল হক চৌধুর আরও বলেন, ‘কেউ আমার নাম ভাঙিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করলে তাঁকে সরাসরি পুলিশে সোপর্দ করবেন। আমি চাই এই নগর গড়ে উঠুক নিরাপদ ও সুখকর হিসেবে। এ জন্য নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কিছুদিনের মধ্যেই সিসি ক্যামেরা বসানো হবে। সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে সিলেটকে পরিচ্ছন্ন ও মডেল নগর হিসেবে উপহার দিতে চাই। সিলেটের পানি নিষ্কাশনের যে নয়টি ছড়া অবৈধ দখলে চলে গেছে, সেসব উদ্ধারে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের সহযোগিতা চাইব।’