সিলেট নগরের তিনটি রাস্তার করুণ অবস্থা
সিলেট নগরের তিনটি রাস্তা খানাখন্দে ভরা। এসব রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। ভুক্তভোগী নগরবাসীর কয়েকজন জানান, নগরের ছড়ারপাড়, কামালগড় ও খরাদিপাড়া এলাকার রাস্তাগুলোর কিছু কিছু অংশে পিচ নেই। কিছু অংশে ইট-সুরকি পর্যন্ত উঠে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। এর মধ্যে রয়েছে ছোট-বড় অনেক গর্ত। এসব মাড়িয়ে ভোগান্তিতে চলাচল করতে হচ্ছে ওই তিনটি এলাকার বাসিন্দাদের।এলাকাবাসীর কেউ কেউ জানান, এসব রাস্তা গত এক বছর ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বিভিন্ন সময়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রাস্তা সংস্কারে এলাকার মানুষ দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।ছড়ারপাড় এলাকার বাসিন্দা আজমল হোসেন জানান, ভাঙাচোরা সড়ক হওয়ায় ধুলাবালির অত্যাচারও প্রতিনিয়ত এলাকাবাসীকে পোহাতে হয়। রিকশা বা অন্য কোনো যানবাহন নিয়ে রাস্তায় চলতে প্রচণ্ড ঝাঁকুনি খেতে হয়। অনেক সময় রিকশা উল্টে যায়।সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নগরের গুরুত্বপূর্ণ তিনটি রাস্তার খানাখন্দের কথা আমার জানা ছিল না। রাস্তাগুলো সংস্কারে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।’