সিলেট নগরের পাঁচ সড়ক বেহাল, মানুষের ভোগান্তি
সিলেট নগরের পাঁচটি সড়ক বেহাল হয়ে পড়েছে৷ এর মধ্যে দুটির সংস্কারকাজ শুরু হলেও তা চলছে অত্যন্ত ধীরগতিতে৷ এতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও যাত্রীরা৷
নগরের কালীবাড়ি এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, চার মাস আগে কালীবাড়ি সড়কের সংস্কারকাজ শুরু হয়৷ সপ্তাহ খানেক কাজ চলার পর তা বন্ধ হয়ে যায়৷ সড়কটি খুঁড়ে ফেলে রাখায় দুর্ভোগের মাত্রা বেড়ে গেছে৷ এখন সামান্য বৃষ্টিতেই সড়কটি পানি আর কাদায় একাকার হয়ে যায়৷ কালীবাড়ি সড়ক ছাড়াও নগরের বাগবাড়ি-মদিনা মার্কেট সড়কের সংস্কারকাজ ঢিমেতালে চলায় এলাকাবাসী বিরক্তি প্রকাশ করেছেন৷
এই দুটি সড়কের বাইরে নগরের গুরুত্বপূর্ণ পশ্চিম শেখঘাট, নবাব রোড, বনকলাপাড়া সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে৷ এসব সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷
সুবিদবাজার মণিপুিরপাড়ার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা রেবতীমোহন সরকার বলেন, তাঁকে প্রতিদিন বনকলাপাড়া সড়ক দিয়ে আসা-যাওয়া করতে হয়৷ জনগুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও দেড় বছর ধরে সড়কটির সংস্কার করা হয়নি৷ নবাব রোড এলাকার অটোরিকশাচালক আনহার আলী বলেন, নবাব রোড দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই এলাকা দিয়ে যান চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে৷
সরেজমিনে দেখা গেছে, ওই সড়কগুলোর বিভিন্ন স্থানে পিচ ও বিটুমিন উঠে ইটের খোয়া বেরিয়ে পড়েছে৷
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সংস্কারকাজ ধীরগতিতে চলছে না বলে দাবি করেন৷
তিনি বলেন, যে পাঁচটি সড়কের কথা বলা হচ্ছে, এর মধ্যে দুটির সংস্কারকাজ দ্রুতগতিতেই চলছে৷ বাকি সড়কগুলোর সংস্কারকাজ পর্যায়ক্রমে করা হবে৷
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সংস্কারকাজ ধীরগতিতে হচ্ছে কি না, তা খতিয়ে দেখে
সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য তাগিদ দেওয়া হবে৷