সিলেট নগরের পাড়া মহল্লার বেশির ভাগ রাস্তা ভাঙাচোরা
সিলেট নগরের পাড়া-মহল্লার বেশির ভাগ রাস্তা ভাঙাচোরা। নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশন সংস্কারের ক্ষেত্রে বরাবরই নগরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলোকে প্রাধান্য দেয়। এ কারণে সংস্কারের অভাবে বালু, পাথর ও খোয়া উঠে গিয়ে পাড়া-মহল্লার রাস্তাগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এতে এসব রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে।
সিলেট সিটি করপোরেশন কার্যালয় সূত্র জানায়, নগরে ৫৬৮ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে প্রধান ও গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ২০০ কিলোমিটার এবং বাকি ৩৬৮ কিলোমিটার রাস্তা বিভিন্ন পাড়া-মহল্লায়।
এলাকাবাসীর অনেকে জানান, সিটি করপোরেশন কর্তৃপক্ষ কিছুদিন পর পর শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করে। কিন্তু পাড়া-মহল্লার রাস্তাগুলো দুই-পাঁচ বছরেও সংস্কারের উদ্যোগ নেয় না। ঈদুল আজহার কয়েক দিন আগেও সিটি করপোরেশন নগরের গুরুত্বপূর্ণ নাইওরপুল-টিলাগড় ও বন্দরবাজার-ধোপাদিঘীরপাড় সড়ক সংস্কার করেছে। অথচ কার্পেটিং উঠে গিয়ে নষ্ট হয়ে যাওয়া চালিবন্দর মহল্লার সড়ক সংস্কারের উদ্যোগ নিচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, নগরের রায়নগর, আগপাড়া, সেনপাড়া, লামাপাড়া, বাগবাড়ী, কালীবাড়ি, বালুচর, সাগরদিঘীরপার, কুয়ারপাড়, মীরাবাজার, দর্জিপাড়া, বিলপার, চালিবন্দর, ছড়ারপারসহ শতাধিক পাড়া-মহল্লার রাস্তায় কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন এসব সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
সেনপাড়া এলাকার বাসিন্দা মোছাব্বির ইসলাম জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেবল নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করে। অথচ পাড়া-মহল্লার রাস্তাগুলো যে দিনের পর দিন সংস্কারবিহীন থাকে, এটা নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই।
রিকশাচালক আনসার মিয়া জানান, পিচ ও বিটুমিন উঠে গিয়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে রিকশাসহ যান চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান দাবি করেন, পাড়া-মহল্লার রাস্তাগুলো সিটি করপোরেশন নিয়মিত সংস্কার করে। ধারাবাহিক সংস্কারকাজের অংশ হিসেবে নগরের বেশ কিছু রাস্তা সংস্কারের কাজ চলছে। পর্যায়ক্রমে সব রাস্তা সংস্কার করা হবে।