
সিলেট নগরের বাণিজ্যিক কেন্দ্রস্থল কালীঘাট। পেছনে সুরমা নদী। দুই দিকে আছে ছড়া। এসব ছড়া গিয়ে মিলিত হয়েছে সুরমা নদীতে। কালীঘাটের খেওয়া ঘাট-সংলগ্ন দেবী অন্নপূর্ণা স্টোরের পরিচালক সরস্বতী দাস বিস্ময়ের সঙ্গে বললেন, ‘ইবারকু (এবার) জল আর গড়ায় না। আগে তিন ঘণ্টায় নামত, আইজ তিন দিন অইগেল, জল তো গড়ায় না!’
শুধু সরস্বতী দাস নন, কালীঘাট এলাকার সব ব্যবসায়ীর মুখের কথা এক। ভারী বৃষ্টি হলে কালীঘাট জলমগ্ন হওয়া দেখেছেন অনেকে। কিন্তু সেই জলমগ্ন অবস্থার পরিবর্তন হতো বৃষ্টি থামার ঘণ্টা তিনেকের মধ্যে। এবার গত শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার পর থেকে জলমগ্ন কালীঘাটসহ আশপাশ এলাকা।
গতকাল রোববার দুপুরের পর তিন ঘণ্টা কালীঘাটে সুরমা নদীর তীরে অবস্থান করে দেখা গেছে, এ অবস্থা শুধু ব্যবসায়িক এলাকায় নয়, মসজিদ ঘাট, মাছিমপুর কুড়িপাড়া, ছড়ারপার, লালদিঘীর পাড়, লালদিঘীর পাড় নতুন মার্কেট, সিটি সুপার মার্কেট, সুরমার ওপারে দক্ষিণ সুরমার নদীতীরের ভার্থখলা, খোজার খলা এলাকা জলমগ্ন। হাঁটু থেকে কোমরপানি।
কালীঘাট মূলত পাইকারি কেনাকাটার স্থল। বংশপরম্পরায় কালীঘাটে ব্যবসা করছেন এমন ২০ জন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তাঁদের ভাষ্য, ২০০৪ সালে বন্যার সময় টানা দুই দিন জলমগ্ন ছিল কালীঘাটসহ আশপাশ এলাকা। এরপর ২০১৪ সালে এক দফা ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিলেও ঘণ্টাখানেক পর পানি নেমে গিয়েছিল। কিন্তু এবার নামছে না।

সুরমা নদীর খেয়াঘাটের পাশের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স সেবুল এন্টারপ্রাইজের পরিচালক সেবুল হোসেন, সুরমা বাণিজ্যালয়ের পরিচালক সুমন মিয়া, ইমন টেলিকমের পরিচালক নাঈম বলেন, ২০০৪ সালের পর ভারী বৃষ্টি হলে তিন ঘণ্টার মধ্যে পানি নেমে যেত। এবার বর্ষা মৌসুমের শুরুতে আরও দুই দফা জলমগ্ন হলেও তিন ঘণ্টার মধ্যে পানি নেমেছে। কিন্তু গত শুক্রবার জলমগ্ন হওয়ার পর গতকাল তিন দিন গড়ালেও পানি নামছে না। কালীঘাটের এক পাশে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়।ময়লা পানি ডিঙিয়ে শিক্ষার্থীদেরও চলাফেরা করতে হচ্ছে।
কালীঘাটের পাশের সিটি সুপার মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, বন্দরবাজার হয়ে বিপণিবিতানের গলি দিয়ে ভেতরে যেতে হলে হাঁটুপানি ডিঙাতে হয়। এখানকার স্থায়ী ব্যবসায়ীরাও এর আগে এভাবে পানি জমতে দেখেননি বলে জানান। সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী ইমরান আহমদ বলেন, এমন জলাবদ্ধতা তিনি এর আগে দেখেননি। কারণ জানতে চাইলে তিনি বলেন, পাশের একটি বিপণিবিতান সিটি করপোরেশন অপরিকল্পিতভাবে ভেঙে ফেলায় পানির প্রবাহ বন্ধ হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
যে বিপণিবিতান সিটি করপোরেশন ভাঙা শুরু করেছে, সেটির নাম হকার মার্কেট। মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিপণিবিতান ভাঙা হচ্ছে। এটির তিনতলায় উঠে দেখা গেছে, বিপণিবিতানের ভাঙা অংশ আশপাশ এলাকা ছাড়াও ছড়ায় পড়ে পানির প্রবাহ বন্ধ হয়েছে।
কালীঘাট পাশের মাছিমপুর কুড়িপাড়ায় গিয়ে পাওয়া গেল, ব্যবসাপ্রতিষ্ঠান নয়, তিন দিন ধরে ২৬টি পরিবার পানিবন্দী। কুড়িপাড়ার বাসিন্দা শিমূ মোদক বলেন, নালা মেরামতকাজ চলায় ছড়ার পানি সুরমা নদীতে যেতে পারছে না। ছড়ায় তাঁরা পানিবন্দী।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব ওই এলাকায় নালা-নর্দমায় কিছু উন্নয়নকাজ চলমান থাকায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এ অবস্থার সৃষ্টি হতে পারে বলে জানান। তিন দিন ধরে পানিবন্দী অবস্থা থাকা প্রসঙ্গে তিনি বলেন, সুরমা নদীতে পানি বেড়েছে। এ কারণে ছড়া দিয়েও পানি যাচ্ছে না।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিলেটে সুরমা নদীর পানি বিপৎসীমার ১১ দশমিক ৪১ সেন্টিমিটার ও কুশিয়ারার পানি ১৪ দশমিক ৩৬ সেমির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা-কুশিয়ারার ভাটির দিকে সুনামগঞ্জ এলাকায় বন্যা দেখা দেওয়ায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জল দ্রুত না গড়ানোর কারণ সম্পর্কে জানতে চাইলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মুশতাক আহমদ প্রথম আলোকে বলেন, সুরমা নদী নগরের বুক দিয়ে প্রবহমান। এ নদীর নাব্যতার ওপর নির্ভর করছে নগরের জলাবদ্ধতা। সুরমা খনন না করলে জলাবদ্ধতা স্থায়ী রূপে দেখা দেবে।