নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সিলেট নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকাবাসী টায়ারে অগ্নিসংযোগ করে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন। পরে রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রশাসনের অনুরোধে তাঁরা অবরোধ তুলে নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কুমারপাড়া ও শিবগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করেন এলাকাবাসী। শিবগঞ্জ এলাকায় ঘণ্টাব্যাপী অবরোধের কারণে সিলেট-তামাবিল সড়কে কয়েক শ গাড়ি আটকা পড়ে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে উভয় এলাকায় পরিস্থিতি শান্ত হয়। এর আগে বেলা ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ ঈদগাহ এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে রাখেন ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল সকালে নগরের কাজীটোলা, লামাবাজার, শিবগঞ্জ, খাদিমনগর এলাকায় বিক্ষুব্ধ গ্রাহকেরা বিক্ষোভ মিছিল করেছেন।