সিলেট নগরের রাস্তাঘাট অবৈধ ইজিবাইকের দখলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের রাস্তাঘাট এখন অনেকটা অবৈধ ইজিবাইকের দখলে। দুই বছর ধরে শত শত অবৈধ ইজিবাইক নগরে চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স শাখা সূত্রে জানা গেছে, নগরে প্রায় ৬০০ ইজিবাইক চলাচল করে। এসব যান চলাচলের ক্ষেত্রে রিকশা নিবন্ধনের মতো একটি নিবন্ধন নম্বর দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এসব অবৈধ যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে।সিলেটে ট্রাফিক পুলিশের এক জরিপে দেখা গেছে, নগরে সিটি করপোরেশনের নিবন্ধন করা ইজিবাইক ছাড়াও কয়েক গুণ বেশি ইজিবাইক অবৈধভাবে চলাচল করছে। এ ছাড়া সিটি করপোরেশনের একটি নিবন্ধন নম্বর দিয়ে একাধিক ইজিবাইক চলাচল করছে। সিলেটের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম বলেন, ‘অবৈধ ইজিবাইক যাতে চলাচল করতে না পারে, সে জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।’সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইজিবাইকের কোনো স্ট্যান্ড নেই। চালকেরা এসব যানবাহন যত্রতত্র দাঁড় করিয়ে রাখছেন। এতে করে নগরে আগের তুলনায় যানজট বেড়েছে।বিভিন্ন নাগরিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আইনজীবী সমর বিজয় সী শেখর বলেন, যখন এসব যানবাহন চালু হয়, তখনই এগুলো বন্ধে স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত ছিল। এসব যান বন্ধের জন্য বিভিন্ন সময়ে সিটি করপোরেশন ও পুলিশের কাছে একাধিকবার আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। স্থানীয় পুলিশের একটি সূত্র জানায়, এসব যানবাহনের কোনোটিরই ফিটনেস (চলাচলের উপযুক্ত) সনদ নেই, নেই রুট পারমিট (রাস্তায় চলাচলের অনুমতি)। অনেক চালকেরই নেই বৈধ লাইসেন্স। বিভিন্ন সময়ে এসব যানবাহন উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হলেও রাজনৈতিক চাপের মুখে হাল ছেড়ে দেয় পুলিশ।পথচারীরা অভিযোগ করেন, অটোরিকশার আদলে গড়া এসব যানবাহনের চালকেরা সহজে ব্রেক কষতে পারেন না। এতে করে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এসব যানবাহনে চালক-যাত্রী কারও নিরাপত্তা নেই।সিটি করপোরেশনের অনুমোদন নেই এমন একটি ইজিবাইকের চালক বলেন, ‘অন্যরা চালাচ্ছে, তাই আমিও চালাচ্ছি।’বিআরটিএর সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মো. আবদুল হান্নান বলেন, ‘সিলেট নগরে যেসব ইজিবাইক চলাচল করছে, সেগুলো অবৈধ। এসব অবৈধ যানবাহন যাতে চলাচল করতে না পারে, সে জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’ সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ছয় শতাধিক ইজিবাইককে সিটি করপোরেশনের অনুমোদন দেওয়া হয়েছে। যেহেতু এসব যান যাত্রীবান্ধব নয়, তাই নতুন করে এগুলোকে আর অনুমোদন দেওয়া হচ্ছে না। এ ছাড়া যেগুলো অনুমোদন পেয়েছে, সেগুলোও নির্ধারিত সময়ের পরে নতুনভাবে আর অনুমোদন পাবে না। অবৈধ ইজিবাইক চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘শুনেছি, একটি নম্বর প্লেট ব্যবহার করে একাধিক যান চলাচল করছে। এগুলো ছাড়াও নগরের রাস্তাগুলোতে যেসব অবৈধ ইজিবাইক চলাচল করছে, সেগুলো আটক করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে।’