সিলেট নগরের সড়কগুলো বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বেশির ভাগ সড়কের কার্পেটিং উঠে গেছে। পিচ ও খোয়া উঠে যাওয়ায় এসব সড়ক দিয়ে যান চলাচল ও পথচারীদের চলাচল অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।সিলেট সিটি করপোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগ থেকে এসব রাস্তা কয়েক দফা জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অল্প কয়েক দিনের মধ্যে পিচ-খোয়া উঠে গিয়ে আগের অবস্থা দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমের আগে থেকেই নগরের রাস্তাগুলোর অবস্থা খারাপ হতে থাকে। সিটি কর্তৃপক্ষ ও সওজ থেকে রাস্তাগুলো যানবাহন চলাচলের উপযোগী করতে কয়েক দফা খোয়া-বালু দিয়ে জোড়াতালির সংস্কার করা হয়। কিন্তু দুর্নীতির ফলে এসব কাজের মান নিম্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। চলতি বর্ষা মৌসুমের শুরুর দিকে খোয়া-বালু উঠে গিয়ে আগের অবস্থায় দাঁড়ায়। এভাবে সংস্কারের নামে কর্তৃপক্ষ অনুপযোগী রাস্তাগুলো জোড়াতালি দিয়ে যেনতেনভাবে উপযোগী করার চেষ্টা চালায়।সরেজমিনে দেখা যায়, নগরের গুরুত্বপূর্ণ রাস্তা নিউ মেডিকেল রোড, জেলরোড, মধুশহীদ, মিরাবাজার, শিবগঞ্জ, কালীঘাট, শেখঘাট, উপশহর, আম্বরখানা, বড়বাজার, বাগবাড়ি, জামতলা, ধোপাদীঘিরপার, তালতলা, মির্জাজাঙ্গাল, জল্লারপার, কাজিরবাজার, যতরপুর, কাজলশাহ এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে আছে। সব কটি রাস্তার অবস্থা শোচনীয়। রাস্তার বেশির ভাগ অংশে ইট-পাথর উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে চার থেকে পাঁচটি খুব গুরুত্বপূর্ণ সড়ক বর্ষা মৌসুমের আগে সিটি ও সওজ কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে সংস্কারের মাধ্যমে যান চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করে। কিন্তু তা বেশি দিন টেকসই হয়নি।একটি বেসরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক আনফর আলী জানান, নগরের উপশহর এলাকার রাস্তার অবস্থা এতই খারাপ যে রিকশাচালকেরা এ সড়ক দিয়ে যেতে চায় না। আর গেলেও ভাড়া দ্বিগুণ-তিনগুণ চেয়ে বসে।বড়বাজার এলাকার বাসিন্দা খলিলুর রহমান বলেন, ‘বাসার সামনেই সড়কটির বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি হলে কাদা-পানিতে একাকার। দীর্ঘদিন ধরে ওই সড়কটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। যানবাহন নিয়ে তো দূরের কথা, হাঁটাই দায় হয়ে দাঁড়িয়েছে।’জল্লারপার এলাকার বাসিন্দা সুদিন চক্রবর্তী বলেন, ‘জিন্দাবাজার থেকে লামাবাজার রাস্তাটি নগরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে স্বীকৃত। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুরসংখ্যক যানবাহন চলাচল করে। অথচ এলাকার রাস্তাঘাটগুলো দেখলে মনে হয় এটি কোনো অজপাড়াগাঁ।’কাজলশাহ এলাকার বাসিন্দা সমাজকর্মী নীরেশ চন্দ্র দাশ বলেন, স্থানীয় কর্তৃপক্ষ সড়কগুলোর উন্নয়নে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই রাস্তাগুলো নির্মাণ ও সংস্কার করায় এসব কাজে দুর্নীতি হচ্ছে।সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান নগরের ভাঙাচোরা রাস্তাঘাটের অবস্থা স্বীকার করে বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় এনে বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। আর সংস্কারে যাতে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি না হয়, সেটির দিকেও নজরদারি রাখা হবে।সড়ক ও জনপথ বিভাগ সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মো. মুসা বলেন, ‘নগরের ভেতরে সওজের অধীনে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, সেগুলো সংস্কার বর্ষা মৌসুম শেষ হওয়ার পর করা হবে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক উন্নয়নে ইতিমধ্যে টেন্ডার দেওয়া হয়েছে। কাজও শিগগির শুরু হবে।’