সিলেট নগরের ২০ সড়কে অসংখ্য গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের গুরুত্বপূর্ণ কদমতলী বাস টার্মিনাল এলাকার এবড়োখেবড়ো সড়ক l ছবি: প্রথম আলো
সিলেট নগরের গুরুত্বপূর্ণ কদমতলী বাস টার্মিনাল এলাকার এবড়োখেবড়ো সড়ক l ছবি: প্রথম আলো

সিলেট নগরের গুরুত্বপূর্ণ কদমতলী বাস টার্মিনাল এলাকাসহ ২০ পাড়া-মহল্লার সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। অসাবধানতাবশত চালকেরা এসব গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। নগরবাসীর পথচলা সুগম করতে দ্রুত গর্তগুলো সংস্কারে উদ্যোগ নেওয়ার জন্য ভুক্তভোগী মানুষেরা সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, নগরের বাগবাড়ি, দক্ষিণ বাগবাড়ি, শামীমাবাদ, শেখঘাট, কালীবাড়ি, হাওলাদারপাড়া, করেরপাড়া, পুলিশ লাইনস, জিন্দাবাজার, জেলরোড, নয়াসড়ক, লালদিঘিরপাড়, কালীঘাট, মহাজনপট্টি, মির্জাজাঙ্গাল, রামেরদিঘিরপাড়, লামাবাজার, ভার্তখলা, পুরাতন রেলস্টেশন ও কদমতলী বাস টার্মিনাল এলাকার সড়কগুলোর স্থানে স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এর ফলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে।

বাগবাড়ি এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক তৈয়বুর রহমান বলেন, সড়ক একেবারেই ভাঙাচোরা, নগরে অবশ্য এমন পরিস্থিতির তৈরি হয়নি। তবে স্থানে স্থানে গর্ত থাকায় রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশায় চলাচলের সময় যাত্রীদের ঝাঁকুনি খেতে হয়। বিশেষ করে রাতের বেলা এসব যানের চালকেরা একটু এদিক-সেদিক করলেই দুর্ঘটনার মুখে পড়তে হয়।

ভুক্তভোগী লোকজনের অভিযোগ, গর্তগুলো সংস্কার না করায় ধীরে ধীরে বড় হচ্ছে। এসব সড়কে গর্তের পাশাপাশি আবার কোথাও কোথাও খানাখন্দও দেখা দিয়েছে। পিচ ও পাথরের খোয়া উঠে গিয়ে কিছু অংশ ভাঙাচোরা অবস্থায়ও রয়েছে। দ্রুততার সঙ্গে এসব সড়ক সংস্কার করা না হলে সড়কগুলো শিগগিরই চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

নগরের কদমতলী এলাকায় সিলেটের সর্ববৃহৎ বাসটার্মিনাল অবস্থিত। প্রতিদিন এখান থেকে কয়েক হাজার যাত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। অথচ প্রায় এক বছর ধরে অতি গুরুত্বপূর্ণ কদমতলী এলাকার সড়কটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ঢাকাগামী আলম মিয়া নামের এক যাত্রী বলেন, এই বাস টার্মিনালে এলেই যাত্রীদের ভাঙাচোরা সড়কের কারণে দুর্গতিতে পড়তে হয়। একটু বৃষ্টি হলেই ভাঙাচোরা অংশ কাদাপানিতে একাকার হয়ে পড়ে।

কদমতলী থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের চালকের সহযোগী আনোয়ারুল ইসলাম বলেন, বাস টার্মিনাল থেকে বেরোতেই ভাঙাচোরা সড়কটি পেরোতে হয়। সড়কটি ভাঙাচোরা হওয়ায় যাত্রীবাহী বাস থেকে শুরু সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি এমনকি রিকশা পর্যন্ত ধীরে ধীরে অগ্রসর হন। এতে করে প্রতিদিনই তীব্র যানজট দেখা দিচ্ছে। তবে সড়কটি সংস্কার হলে যানজট অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বিভিন্ন সড়কে গর্ত তৈরি হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ঈদের আগে কয়েক দফায় নগরের সড়কগুলো সংস্কার করা হয়েছে। কিছুদিনের মধ্যে আবার গর্তগুলো ভরাট করতে জরুরিভাবে উদ্যোগ নেওয়া হবে। তবে নগরের ভেতরে কদমতলীসহ বেশ কিছু রাস্তা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে রয়েছে। তাদের অধীনে থাকা সড়কগুলো সংস্কারের জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত প্রথম আলোকে বলেন, নগরের ভেতরে যেসব সড়ক সওজের অধীনে রয়েছে, সেগুলো নিয়মিতভাবে সংস্কার করা হয়ে থাকে। সংস্কারের পর পুনরায় খানাখন্দ তৈরি হলে সেসবও দ্রুততার সঙ্গে সংস্কার করা হয়। এটি সওজের নিয়মিত কাজের অংশ। তবে যেসব সড়ক এই মুহূর্তে সংস্কারের প্রয়োজন, সেগুলোও সরেজমিনে প্রত্যক্ষ করে দ্রুততার সঙ্গে সংস্কার করা হবে।