সিলেট নগরের ২০টি সড়কে খানাখন্দ, জনদুর্ভোগ
সিলেট নগরের অন্তত ২০টি সড়কে ছোট-বড় বহু গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসবে রিকশা-মোটরসাইকেল উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের মীরাবাজার, শাহি ঈদগাহ, শিবগঞ্জ, উপশহর, সোবহানীঘাট, চালিবন্দর, ছড়ারপাড়, বাগবাড়ী, যতরপুর, রায়নগর, ঘাসিটুলা, ধোপাদিঘির পার, নবাব রোডসহ অন্তত ২০টি এলাকার সড়কের আস্তরণ (পিচ), বালু ও পাথর উঠে গেছে। এতে সড়কগুলো অনেকটা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শাহি ঈদগাহ এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম জানান, শাহি ঈদগাহ সড়কে ছোট-বড় বেশ কয়েকটি খানাখন্দ ও গর্ত রয়েছে। এর একটিতে গত শনিবার দুই মোটরসাইকেল আরোহী পড়ে গুরুতর আহত হয়েছেন। এর পর থেকে যানবাহন চালকদের সতর্ক করতে সেখানে কিছু ডালপালা পুঁতে রেখেছেন স্থানীয়রা।
মীরাবাজার এলাকার ব্যবসায়ী খন্দকার রিয়াজুল হক জানান, গত মাস ছয়েক আগে নাইওরপুল থেকে টিলাগড় পর্যন্ত সড়কটি সংস্কার করা হয়েছিল। কয়েক মাসেই স্থানে স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় সড়কটি দিয়ে গাড়ি নিয়ে চলাচলের সময় দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয়। এ ছাড়া রাস্তা খারাপ হওয়ায় যানবাহন ধীর গতিতে চলছে। তাই ওই সড়কে যানজট তীব্র আকার ধারণ করে।
অটোরিকশাচালক ময়না মিয়া বলেন, ‘গাতা (গর্ত) রাস্তায় পথ চলন যায় না। ভাঙা রাস্তায় জ্যামও (যানজট) লাইগ্যা থাকে ঘণ্টার পর ঘণ্টা।’
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে জানান, নগরের অভ্যন্তরীণ সড়কগুলো নিয়মিতই সংস্কার করা হয়। কিছুদিন আগেও বেশ কিছু সড়ক সংস্কার করা হয়েছে। বর্তমানে সিটি করপোরেশনের আওতাধীন সড়কের যেসব স্থানে খানাখন্দ তৈরি হয়েছে, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। এ ছাড়া সওজের সড়কগুলো নিয়মিত সংস্কারের ব্যাপারেও সিটি করপোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।