সিলেট নগরের ২৫ কিলোমিটার সড়ক সংস্কারে ধীরগতি
সিলেট নগরের ২৭টি ওয়ার্ডের ২৫ কিলোমিটার সড়ক ও ১৮ কিলোমিটার নালা-নর্দমার সংস্কার ও পুনর্নির্মাণকাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। দীর্ঘদিন ধরে নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক খুঁড়ে গর্ত করে বালু ফেলে রাখা হয়েছে। এ অবস্থায় গতকাল মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টার বৃষ্টিতে এসব সড়ক কাদা-পানিতে একাকার হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ভুক্তভোগী নগরবাসীর অভিযোগ, নগরের বিভিন্ন সড়ক খুঁড়ে বালু ফেলে রাখার কারণে নগরবাসী চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। এ ছাড়া সংস্কারকাজ ঢিমেতালে ও ধীরগতিতে চলছে। কয়েক মাস আগে রাস্তা খুঁড়ে ফেলে রাখা হলেও কাজের তেমন অগ্রগতি হয়নি। ঠিকাদারেরা নিজেদের ইচ্ছামতো কাজ করাচ্ছেন। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও নালা-নর্দমার নির্মাণকাজ গত ডিসেম্বরে শুরু হয়েছে। ৫০ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ আগামী ৩০ জুনের মধ্যে শেষ করার কথা।সরেজমিনে দেখা গেছে, নগরের কাজলশাহ, জিন্দাবাজার, জেল রোড, উপশহর, জামতলা, তালতলা, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল, বড়বাজার, সাদীপুর, দাড়িয়াপাড়া, নয়াসড়ক, হাউজিং এস্টেট, কাস্তরাইল, গোটাটিকর, ল কলেজের সামনের রাস্তা, মাছিমপুর, আম্বরখানা, সুইপার কলোনিসহ একাধিক এলাকার সড়ক ও নালা-নর্দমার সংস্কারকাজ চলছে। এর মধ্যে নয়াসড়ক, কাজলশাহ, জিন্দাবাজার, মির্জাজাঙ্গাল এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে খুঁড়ে ফেলে রাখা হয়েছে। স্পট মেশিনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কারকাজ করা হবে বলে সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে। নগরের তাঁতীপাড়া এলাকার বাসিন্দা ছড়াকার বশির আহমদ বলেন, কাজের অগ্রগতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। বর্ষা শুরু হওয়ার আগেই কাজ শেষ না হওয়ায় এখন সড়ক যোগাযোগব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। নয়াসড়ক এলাকার ব্যবসায়ী আইয়ুব খান ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তায় বিশাল গর্ত করে ফেলে রাখা হয়েছে। কাজ চলছে ঢিমেতালে। এ অবস্থায় ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে। আর সারা শহরজুড়ে তীব্র যানজট তো রয়েছেই।’ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল হাসান লোদী কয়েস বলেন, টেন্ডার-প্রক্রিয়ায় গলদ রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমের আগে এই কাজ শুরু হয়। কারণ, এ সময়ে বৃষ্টির কারণে ঠিকাদারদের কাজের মান যথাযথভাবে না করলেও হয়। এর সঙ্গে সিটি করপোরেশনের কতিপয় অসাধু কর্মকর্তারাও সংশ্লিষ্ট রয়েছেন। নগরের রাস্তাগুলো খুঁড়ে ফেলে রাখা হয়েছে, বিটুমিন এনে রাস্তার পাশে জড়ো করা হয়েছে। কিন্তু কাজ হচ্ছে ঠিকাদারদের খেয়ালখুশিমতো। তাই সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বলেন, নগরের সড়কগুলোর সংস্কার সিটি করপোরেশন করাচ্ছে। তবে সওজ চৌহাট্টা, কুমারপাড়া, শাহী ঈদগাহ, আম্বরখানাসহ কয়েকটি এলাকার কাজ চালাচ্ছে। সেখানে কাজের ক্ষেত্রে কোনো ধরনের ধীরগতি হচ্ছে না। সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, বৃষ্টির কারণে সংস্কারকাজ চালাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, এটা ঠিক। তবে ধীরগতি হচ্ছে না। নির্ধারিত সময়ের আগেই ২৭টি ওয়ার্ডের সংস্কারকাজ শেষ হবে। মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, স্পট মেশিনের মাধ্যমে কাজ করানোর কারণে বিভিন্ন সড়ক খুঁড়ে ফেলতে হয়েছে। বাকি রাস্তাগুলোতে খোঁড়াখুঁড়ি ছাড়াই সংস্কারকাজ চলছে। কাজের প্রয়োজনেই সামান্য দেরি হচ্ছে।