সিলেট, নরসিংদী, মৌলভীবাজার সুনামগঞ্জে পাঁচটি লাশ উদ্ধার
সিলেটে গতকাল রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন নরসিংদীর রায়পুরা উপজেলায় এক তরুণের, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক ব্যক্তির ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্থপতি বিভাগের শেষ বর্ষের ছাত্র শেখ নাফিজুর রহমানের (২২) লাশ নগরের বারুতখানা এলাকার তাঁর নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। নাফিজুর ওই এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে। সকাল ১০টার দিকে চারাদিঘিরপাড় এলাকায় বাসার শোবার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তানজিনা জাহান (১৯) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। তানজিনা সরকারি মহিলা কলেজের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ছিলেন। তানজিনা ওই এলাকার চিকিৎসক আবদুল হান্নানের মেয়ে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসিরউদ্দিন মোহাম্মদ জানান, ওই ছাত্র আগের রাতে শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে আলামত পাওয়া গেছে। ছাত্রীটি গতকাল সকাল ১০টার দিকে শোবার ঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ছাত্রীর কক্ষ থেকে ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে। ওই দুজনের মুঠোফোন উদ্ধার করে কল তালিকা দেখা হচ্ছে।
নরসিংদী: শহরের কাউরিয়া পাড়ার গোলাপ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২২) গত শুক্রবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার ভেলুয়ারচর গ্রামে তাঁর মামাতো ভাইয়ের বিয়েতে যান। অনুষ্ঠান শেষে ফেরার পথে বালুয়াকান্দি এলাকায় বরযাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাদ্দাম তলিয়ে যান। গতকাল সকালে সাদ্দামের লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই সাদ্দামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): সকালে উপজেলার কালাপুরে মেরীগোল্ড ফিলিং স্টেশনে কর্মচারীদের থাকার একটি কক্ষ থেকে সাধন চন্দ্র দেবের (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামে। তিনি মেরীগোল্ড ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।
থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এটি হত্যা, না আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ): বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর বাজার থেকে বালুবোঝাই নৌকা নিয়ে আবদুল হামিদ (৪৫) নামের এক শ্রমিক তাঁর নিজ গ্রাম শেওড়ায় যাচ্ছিলেন। পথে নলজুর নদীর ঘোষগাঁও এলাকায় বিদ্যুতের তারের সঙ্গে নৌকার লগি লাগলে হামিদ পানিতে পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল নদীর ঘোষগাঁও এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
থানার ওসি মাকছুদুর রহমান জানান, ওই শ্রমিকের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।