সিলেট নার্সিং ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নার্সিং ইনস্টিটিউট আজ মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

গত রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিত্সকদের হাতে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মারধরের শিকার হন। ঘটনার প্রতিবাদে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল সোমবার চিকিত্সাসেবা বন্ধ রেখে আন্দোলন শুরু করেন।

উদ্ভূত পরিস্থিতিতে আজ ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তাঁরা ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়েছেন।

কর্তৃপক্ষের ঘোষণার পর ইনস্টিটিউটের সামনে পুলিশে এসেছে। সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা না সরে গেলে ব্যবস্থা নেবে পুলিশ।
আজ বেলা তিনটায় শিক্ষানবিশ চিকিত্সক পরিষদ সংবাদ সম্মেলন ডেকেছে।

হাসপাতাল সূত্র জানায়, গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে তোফায়েল হোসেন নামের একজন কর্তব্যরত ইন্টার্ন চিকিত্সক একই ওয়ার্ডে শিক্ষানবিশ সেবক হিসেবে কর্তব্যরত নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রলয় কুমার ব্যাপারীকে তলব করেন। প্রলয় চিকিত্সকের ডাকে যেতে দেরি হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রলয়কে কিল-ঘুষি দিয়ে ওয়ার্ড থেকে চলে যেতে বলেন তোফায়েল। এরপর তোফায়েলের পক্ষ নিয়ে আরও কয়েকজন শিক্ষানবিশ সেবক প্রলয়কে মারধর করেন। খবর পেয়ে অন্য ওয়ার্ডে কর্তব্যরত প্রলয়ের সহপাঠীরা ছুটে গেলে তাঁরাও মারধরের শিকার হন।

এ ঘটনার প্রতিবাদে রাতেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাত তিনটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে দোষী ব্যক্তিদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

সূত্র জানায়, এ ঘটনা সকালে জানাজানি হলে সিলেট নার্সিং ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা ও চিকিত্সাসেবা বর্জন করে সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় ওই ফটক দিয়ে কোনো রোগী ভেতরে ঢুকতে পারেননি। এতে দুর্ভোগে পড়েন অনেকে। তবে হাসপাতালের নিজস্ব সেবক-সেবিকারা দায়িত্ব পালন করায় সেবা কার্যক্রমে তেমন সমস্যা হয়নি।
হাসপাতালের সহকারী পরিচালক তন্ময় ভট্টাচার্য জানিয়েছেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।