বিভিন্ন স্থানে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ নার্সদের বিক্ষোভ দমাতে গতকাল মঙ্গলবার সকালে সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সন্ধ্যা ছয়টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়৷ তবে রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শিক্ষার্থীরা হল ছাড়েননি৷
এদিকে নার্সদের ওপর চিকিৎসকদের হামলার প্রতিবাদে গতকাল সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন৷ তাঁরা নার্সদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা গতকাল সকালে কলেজে গিয়ে দেখতে পান কলেজে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে৷ এই নোটিশ দেখে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন৷ পরে তাঁরা কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন৷ পুলিশও সেখানে অবস্থান নেয়। পরে রাত আটটার দিকে শিক্ষার্থীরা কলেজের আবাসিক হলে ফিরে যান৷ তাঁরা জানান, কলেজ বন্ধ ঘোষণার নোটিশ প্রত্যাহারসহ ইন্টার্ন চিকিৎসকদের হামলার বিচার না পেলে তাঁরা নোটিশ উপেক্ষা করে হলে অবস্থান করবেন৷ রাত আটটায় এ প্রিতবেদন লেখা পর্যন্ত তাঁরা হলেই অবস্থান করিছলেন৷
কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী বলেন, ‘অনিবার্য কারণবশত’ কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাত পৌনে আটটায় যোগাযোগ করলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রথম আলোকে জানান, সন্ধ্যার পরও শিক্ষার্থীরা অবস্থান ত্যাগ না করায় একজন উপপরিদর্শকের নেতৃত্বে নারী ও পুরুষ পুলিশ সদস্যের একটি দল কলেজ ফটকে মোতায়েন রাখা হয়েছে৷ ওসি বলেন, কোনো সহিংসতা না হলে পুলিশ তাঁদেরকে পর্যবেক্ষণের মধ্যেই রাখবে৷ এর আগে ওসি জানিয়েছিলেন, সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীরা চলে না গেলে নিরাপত্তার স্বার্থে পুলিশ তাঁদের সরিয়ে দেবে৷
গত রোববার রাতে ওসমানী মেডিকেল কলেজে কর্তব্যরত শিক্ষানবিশ কয়েকজন নার্স শিক্ষানবিশ চিকিৎসকদের হাতে প্রহৃত হন৷ এ ঘটনার প্রতিবাদে নার্সিং শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছেন৷
গতকাল বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা৷ সেখানে তাঁরা লিখিত বক্তব্যে রোববারের ঘটনার জন্য নার্সিং শিক্ষার্থীদের দায়ী করেন৷
বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন৷ বিক্ষোভে তাঁরা কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান৷
প্রতিবেদন তৈরিতে তথ্য সরবরাহ করেছেন আমাদের সিলেট ও চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও ময়মনসিংহ অফিস৷