সিলেট নার্সিং কলেজের পরীক্ষা এক সপ্তাহের জন্য স্থগিত
ভূমিকম্পে ছাত্রীনিবাসের ভবনে ফাটল দেখা দেওয়ায় সিলেট নার্সিং কলেজের সব বিভাগের পরীক্ষা এক সপ্তাহের জন্য স্থগিত করে ফাটল পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রোববার সকালে পরীক্ষা স্থগিতের বিষয়টি নোটিশের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ১৯৮২ সালে চালু সিলেট নার্সিং ট্রেনিং সেন্টারকে কলেজে রূপান্তর করা হয় ২০১১ সালে। পুরোনো একতলা ভবনে আরও তিনতলা নির্মাণ করে নিচে শিক্ষা কার্যক্রম ও ওপরের তিনটি তলা শিক্ষার্থীদের আবাসনে ব্যবহৃত হচ্ছিল। গত বুধবার রাতের ভূমিকম্পে ছাত্রীনিবাসের ভবনে ফাটল দেখা দেয়।
কলেজ সূত্র জানায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় এই পরীক্ষা চলছিল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে। তাই পরীক্ষা হঠাৎ বন্ধ করলে তিন শতাধিক শিক্ষার্থীর সেশন জটে পড়ার আশঙ্কা ছিল। এ কারণে শনিবার আবাসিক ৩৭৫ জন ছাত্রীর মধ্যে ১৫০ জনকে হল ত্যাগের মৌখিক নির্দেশ দেওয়া হয়। বাকি ২২৫ জনকে রাখা হয় মেডিকেল কলেজ ও হাসপাতালের কোয়ার্টারে অস্থায়ী আবাসনে। পরীক্ষা গ্রহণসংক্রান্ত বিষয়ে রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করার পর গতকাল সকাল সাতটায় পরীক্ষা গ্রহণ এক সপ্তাহ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। সকাল নয়টার সময় কলেজের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী বলেন, এক সপ্তাহের জন্য পরীক্ষা স্থগিত করায় কলেজ কার্যত বন্ধই থাকছে। এ সময়ের মধ্যে ছাত্রীনিবাসের ভবনের ফাটল পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। প্রয়োজনে ভবন পরিত্যক্ত ঘোষণা করা হবে।