সিলেট পলিটেকনিকে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ক্যম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতে ইনস্টিটিউটের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক করে তিন দিনের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মী-সমর্থকদের নিয়ে ক্যাম্পাসে জড়ো হওয়ার চেষ্টা করেন। তখন ছাত্রলীগের নেতা সৈকতের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে ছাত্রলীগের হামলার মুখে শিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাস ছেড়ে যান।
শিবিরের নেতা-কর্মীরা দাবি করেন, সংঘর্ষের সময় ছাত্রলীগ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বিচ্ছিন্নভাবে গুলি ছুড়েছে। এতে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবিরের সভাপতি আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে আহত হয়েছেন তাঁদের আরও নয়জন নেতা-কর্মী। আসাদুজ্জামান নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত বলেন, সংঘর্ষ চলাকালে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো পক্ষকেই পায়নি। ওই দিন রাত থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে বলে ওসি জানান।
ইনস্টিটিউটের অধ্যক্ষ সুশান্ত কুমার বসু জানান, ছাত্রলীগ-শিবির সংঘর্ষে শুক্রবার রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।